এনসিটিতে বিদেশি অপারেটর: ক্ষোভ ও নিন্দা বন্দর রক্ষা কমিটির
বিএনপি সরকার গঠনের পর জুনে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে বন্দর কর্তৃপক্ষকে চিঠি দেয়।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার ভার আন্তর্জাতিক অপারেটরের হাতে তুলে দেওয়ার খসড়া চুক্তি অনুমোদন দেওয়ায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে বন্দর রক্ষা কমিটি।
বৃহস্পতিবার সন্ধ্যায় বন্দর রক্ষা কমিটি, চট্টগ্রামের আহ্বায়ক দেলোয়ার মজুমদার ও সদস্য সচিব ফজলুল কবির মিন্টু এক যৌথ বিবৃতিতে ক্ষোভ প্রকাশের পাশাপাশি কয়েকটি দাবিও তুলে ধরেছেন।
ফজলুল কবির মিন্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় মূল এজেন্ডায় না থাকা সত্ত্বেও জাতীয় গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর একটি বিষয় ‘বিবিধ’ এজেন্ডার মাধ্যমে উত্থাপন করা হয়।
“ওভারফ্লো ইয়ার্ডসহ কনসেশন চুক্তির আওতায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ১৫ বছরের জন্য ইজারা দেওয়ার সিদ্ধান্তে আমরা তীব্র ক্ষোভ ও নিন্দা জানাই।”
শনিবার সংবাদ সম্মেলন করে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন, বলেন বন্দর রক্ষা কমিটির এ নেতা।
বন্দর রক্ষা কমিটির দাবির মধ্যে আছে-অবিলম্বে এনসিটি ‘কনসেশন’ চুক্তির সিদ্ধান্ত বাতিল, চুক্তির সব শর্ত প্রকাশ এবং জাতীয় স্বার্থের পূর্ণাঙ্গ মূল্যায়ন ছাড়া কোনো চূড়ান্ত চুক্তি না করা।
আন্দোলনের মধ্যেই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার ভার বিদেশি অপারেটরদের হাতে দেওয়ার সিদ্ধান্ত নিল সরকার।
বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এনসিটির দায়িত্ব আন্তর্জাতিক অপারেটরের হাতে তুলে দেওয়ার খসড়া চুক্তি অনুমোদনের কথা বলা হয়েছে।
এনসিটি পরিচালনার দায়িত্ব কোন বিদেশি অপারেটরকে দেওয়া হয়েছে, সেটি বলা হয়নি বিজ্ঞপ্তিতে।
তবে দুবাইভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে এ টার্মিনাল ইজারা দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে শুরু থেকে।
গত জুনের প্রথম সপ্তাহে এনসিটি ইজারা বিষয়ে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে বন্দর কর্তৃপক্ষকে চিঠি দেয় সরকার।
এর আগে এই কোম্পানির সঙ্গে চুক্তি করার উদ্যোগ নিয়েও শেষ সময়ে স্থগিত করে অন্তর্বর্তী সরকার।
