১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন মাস্টারপ্ল্যানে এলাকাভেদে অংশীজন সভা হবে: সিডিএ চেয়ারম্যান

আগের মাস্টারপ্ল্যান ঘরে বসেই করা হয়েছিল, ওয়ার্ড পর্যায়ে কম যাওয়া হয়েছে, বলেন জহিরুল আলম দোভাষ।

নতুন মাস্টারপ্ল্যানে এলাকাভেদে অংশীজন সভা হবে: সিডিএ চেয়ারম্যান

চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লায় সিসিসি ও সিডিএ’র আয়োজনে মতবিনিময় সভা হয়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2022, 09:14 PM

Updated : 28 Dec 2022, 10:36 PM

নগরীর নতুন মাস্টারপ্ল্যানে এলাকাভিত্তিক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে অংশীজন সভা করে মতামত নেওয়ার কথা বললেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ ডলফিন।

বুধবার বিকালে নগরীর আন্দরকিল্লায় পুরাতন নগর ভবনের কে বি আব্দুস ছত্তার মিলনায়তনে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

‘চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার মাস্টারপ্ল্যান ২০২০-২০৪১ প্রণয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় ওয়ার্ডভিত্তিক মহাপরিকল্পনা প্রণয়নে কাউন্সিলরদের সঙ্গে এই মত বিনিময় সভার আয়োজন করে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) ও সিডিএ।

এতে জহিরুল আলম দোভাষ বলেন, আগের মাস্টারপ্ল্যান ঘরে বসেই করা হয়েছিল। ওয়ার্ড পর্যায়ে যাওয়া হয়েছে কম। এবার এলাকায় এলাকায় গিয়ে প্রত্যেক ওয়ার্ডের কাউন্সিলরদের মাধ্যমে এলাকাভিত্তিক অংশীজন সভা করা হবে।

“প্রত্যেক শ্রেণি-পেশার মানুষের মতামতের ভিত্তিতে নতুন মহাপরিকল্পনা করা হবে। একই সঙ্গে আগের মাস্টারপ্ল্যান অনুযায়ী কী কী করা হয়েছে আর কী কী করা হয়নি, তা পর্যালোচনা করা হবে। ভুল-ত্রুটি কী ছিল, তাও চিহ্নিত করা হবে।”

নতুন মাস্টারপ্ল্যান ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এদিকে মাস্টারপ্ল্যানে ওয়ার্ডভিত্তিক পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে পেশাজীবী প্রতিনিধি, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, চাকরিজীবী, সাংবাদিক, ব্যবসায়ী, সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে ধারণা নেওয়ার পরামর্শ দেন সিটি মেযর এম রেজাউল করিম চৌধুরী।

তিনি বলেন, “মান্ধাতা আমলের পরিকল্পনা দিয়ে পরিকল্পিত নগর করা যাবে না। উন্নত মানের পরিকল্পনা না হলে চট্টগ্রাম নগর ২০-২৫ বছরের মধ্যে পরিত্যক্ত হয়ে যাবে।

“১৯৯৫ সালে একটা মাস্টারপ্ল্যান হয়েছিল। কিন্তু সেটির কতটুকু কার্যকর হয়েছে, তা প্রশ্নের বিষয়। এই নগর নষ্ট করার জন্য সবার দায় আছে। পাহাড় কেটে আবাসন গড়ে তোলা হয়েছে। খাল-নালা ভরাট করে স্থাপনা নির্মাণ করা হয়েছে। খেলার মাঠে ভবন আর বাজার বসেছে।”

চট্টগ্রামকে বাণিজ্যিক ও পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়ে নতুন মাস্টারপ্ল্যান করার আহ্বান জানিয়ে রেজাউল করিম বলেন, “শুধু পরিকল্পনা গ্রহণ করলে হবে না, পরিকল্পনা বাস্তবায়নের জন্য সকলকে আন্তরিক হতে হবে।”

জরিপ অনুযায়ী সব বিলুপ্ত খাল উদ্ধারের পরিকল্পনা অন্তর্ভুক্ত করার কথা বলে মেয়র বলেন, “সিডিএ’র যেকোনো প্ল্যান অনুমোদনে সিসিসির সংশ্লিষ্টতা থাকার ওপর গুরুত্ব দিতে হবে। তাহলেই অপরিকল্পিত নগরায়নের সৃষ্টি হবে না।”

এ সময় নতুন মাস্টারপ্ল্যান হলেই নগরী আদৌ পরিকল্পিতভাবে গড়ে উঠবে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেন মেয়র রেজাউল।

তিনি বলেন, “একটি নগরে যা থাকা দরকার তা নগরবাসী পাচ্ছে না। তাই নগরকে কয়েকটি অঞ্চলে বিভক্ত করে সুনির্দিষ্ট মহাপরিকল্পনা করতে হবে। যাতে সেখানে খেলার মাঠ, শিক্ষাপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক কেন্দ্র, উন্মুক্ত মঞ্চসহ প্রয়োজনীয় সবকিছু থাকতে হবে।”

জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কার্যক্রম নিয়ে ক্ষোভ জানিয়ে মেয়র রেজাউল বলেন, “খালের রিটেনিং ওয়াল করতে গিয়ে পানি চলাচলে যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, তার ফলশ্রুতিতে শীত মৌসুমেও বাকলিয়া, চাদগাঁও এলাকায় ঘরবাড়ির উঠোন ও রাস্তাঘাট ময়লা পানিতে সয়লাব হয়ে যাচ্ছে।

“কিন্তু অপরিকল্পিতভাবে কাজ করার কারণে জলাবদ্ধতার কষ্ট কমছে না। আগেও তো খালে প্রতিরোধ দেয়াল নির্মাণ করা হয়েছিল। তখন পানি ওঠেনি। এখন খাল ভরাট করে কাজ করা হচ্ছে। পানি নিষ্কাশনের জায়গা রাখা হয়নি।”

মেয়র বলেন, “আগামী মার্চের মধ্যে নগরের খালগুলো থেকে মাটি উত্তোলনের কাজ শেষ করতে হবে। খালের জায়গা দখলকারীরা যতই প্রভাবশালী হোক, তাদের নির্মাণ করা স্থাপনা অবশ্যই ভেঙে খাল উদ্ধার করতে হবে।”

সিসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলমের সভাপতিত্বে ও প্রকৌশলী আশিকুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন, প্যানেল মেয়র আফরোজা কালাম, কাউন্সিলর মোবারক আলী, আবুল হাসনাত মোহাম্মদ বেলাল ও হাসান মুরাদ বিপ্লব, সিসিসি’র প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, মেয়রের একান্ত সচিব মো. আবুল হাশেম, সিডিএ’র নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী ঈসা আনসারী ও প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান ডেটেক্স-টিলার-ইজিএসের দলনেতা অধ্যাপক ড. আহসানুল কবির।