২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

‘পাল্টা কর্মসূচি আওয়ামী লীগের দেউলিয়াপনার লক্ষণ’

ঢাকায় বিএনপির অবস্থান কর্মসূচিতে হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে মহানগর ও দক্ষিণ জেলা বিএনপি এই সমাবেশ আয়োজন করে।

‘পাল্টা কর্মসূচি আওয়ামী লীগের দেউলিয়াপনার লক্ষণ’

চট্টগ্রামের নুর আহম্মেদ সড়কে মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির সমাবেশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2023, 10:11 PM

Updated : 31 Jul 2023, 10:14 PM

শান্তি সমাবেশের নামে আওয়ামী লীগ অশান্তি সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

সোমবার বিকালে চট্টগ্রামের নুর আহম্মেদ সড়কে এক সমাবেশে তিনি বলেন, “যেনতেনভাবে দেশের ক্ষমতায় থাকার আকাঙ্ক্ষা শেখ হাসিনাকে বেসামাল করে দিয়েছে। তাই আওয়ামী লীগ শান্তি সমাবেশের নামে অশান্তি সৃষ্টি করছে।”

ঢাকায় বিএনপির অবস্থান কর্মসূচিতে হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে মহানগর ও দক্ষিণ জেলা বিএনপি এই সমাবেশ আয়োজন করে।

এতে তিনি বলেন, “ঢাকার মহাসমাবেশে যাওয়া চট্টগ্রামের বিএনপি নেতাদেরকে আগের দিন গ্রেপ্তার করেছে। শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ ও আওয়ামী লীগ হামলা করেছে।

“বিগত কয়েক মাস ধরে বিএনপি যে নিয়মতান্ত্রিক কর্মসূচি দিচ্ছে, আওয়ামী লীগ কোনো না কোনোভাবে সেগুলোর কাউন্টার কর্মসূচি দিচ্ছে। তাদের দেউলিয়াপনা দেখে মনে হচ্ছে তারা বিএনপির যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক।”

এ সময় তিনি বলেন, “এটা ক্ষমতাসীনদের চরম নৈতিক পরাজয়, ক্ষমতার মোহে অন্ধ হয়ে তারা সেটা বুঝতে পারছে না। ঢাকায় বিএনপির অবস্থান কর্মসূচি চলাকালে নেতাকর্মীদের ওপর ন্যক্কারজনক হামলা ও গ্রেপ্তার প্রমাণ করে সরকার দেশে একটা সংঘাত ও গৃহযুদ্ধ বাধাতে চায়।

Image

ঢাকায় বিএনপির অবস্থান কর্মসূচিতে হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশ হয়।

“আগামীতে আমাদের কর্মসূচিতে আওয়ামী লীগ ও পুলিশ যদি হামলা করে তাহলে প্রতিরোধ গড়ে তোলা হবে। শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে নির্বাচন হতে দেওয়া হবে না। আগামীতে যেকোন কঠিন কর্মসূচি পালনে বিএনপি প্রস্তুত।”

নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেনের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটনের সঞ্চালনায় সমাবেশে কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দীন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান ও নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বক্তব্য দেন।

বিএনপি নেতা এম এ আজিজ, এনামুল হক এনাম, আবদুস সাত্তার, এস কে খোদা তোতন, নাজিমুর রহমান, কাজী বেলাল উদ্দিন, মো. শাহ আলম, ইসকান্দর মির্জা, আবদুল মান্নান, এরশাদ উল্লাহ, শামসুল আলম, হারুন জামান, মাহবুব আলম, এস এম আবুল ফয়েজ, নাজিম উদ্দীন আহমেদ, আহমেদুল আলম চৌধুরী রাসেল সমাবেশে উপস্থিত ছিলেন।