২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

অশান্তি করলে রাজপথে প্রতিরোধ: বিএনপিকে নাছির

“আওয়ামী লীগ যাতে আবার ক্ষমতায় না যায় সেজন্য বেকায়দায় ফেলতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে।”

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2023, 09:12 PM

Updated : 15 Jun 2023, 02:14 PM

রাজনৈতিক কর্মসূচির নামে অশান্তি সৃষ্টি করলে রাজপথে প্রতিরোধ করা হবে বলে বিএনপি হুঁশিয়ার করেছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। 

বুধবার নগরীর ৪৩ নম্বর আমিন শিল্প অঞ্চল ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন। নগরীর হামজারবাগ আজাদ কমিউনিটি সেন্টারে এই সম্মেলন হয়। 

আ জ ম নাছির বলেন, “আমরা শান্তিতে বিশ্বাসী, তবে রাজনৈতিক খেলার নামে অশান্তি হলে তার প্রতিরোধ অবশ্যই করব।”

আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটাতে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন তিনি।

“আওয়ামী লীগ যাতে আবার ক্ষমতায় না যায়, সেজন্য বেকায়দায় ফেলতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। এসব কারা করছে আমরা জানি। এর মধ্যে আছে তথাকথিত সুশীল সমাজের কিছু চেনা মানুষ। এরাই ১/১১ তে  একটি অনির্বাচিত সরকারকে ক্ষমতায় বসিয়েছিল। এবারও তারা তা চায়।”

দলের নেতা-কর্মীদের উদ্দেশে সাবেক মেয়র নাছির বলেন, “বাংলাদেশের তিন কোটি মানুষ বর্তমান সরকারের অর্থনৈতিকভাবে সুবিধাভোগী। তাদের কাছে আমরা যদি যেতে পারি তাহলে আমাদের বিজয় সুনিশ্চিত।"

সম্মেলনে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, “জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ওয়াশিংটন ভিত্তিক কিছু মানবাধিকার সংস্থা বাংলাদেশে মানবাধিকার নিয়ে কিছু প্রশ্ন তুলেছে। আমি জানতে চাই আমেরিকায় কি প্রকৃত মানবাধিকার আছে? 

“তারা বাইরের দেশে নাক গলাচ্ছে। জাতীয়তাবাদী ও মানবাধিকার শীর্ষক নেতা সাদ্দাম, গাদ্দাফী,প্যাট্রিক লুমুম্বা, নকরুমা, আনোয়ার সাদাত এদের হত্যাকারীর ইন্ধনদাতা কারা এই প্রশ্নটির উত্তর জানতে চাই।" 

মাহতাব বলেন, “বিএনপি-জামায়াত মাঠে নেমেছে। এই শক্তিকে প্রতিহত করতে আমাদের মাঠের নেতাকর্মীদের আবার সামনের দিকে এগিয়ে আসতে হবে।"

ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মালেকের সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে এই  সম্মেলন উদ্বোধন করেন নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও বায়েজিদ থানা সমন্বয় কমিটির আহ্বায়ক শফিকুল ইসলাম ফারুক। 

নগর আওয়ামী লীগের সহ সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, উপদেষ্টা সফর আলী, সাংস্কৃতিক সম্পাদক মো. আবু তাহের, কার্য নির্বাহী সদস্য মহব্বত আলী খান, ৭নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোবারক আলী, ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি নুরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান সম্মেলনে বক্তব্য রাখেন।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে গোপন ব্যালটের মাধ্যমে মাহবুবুল আলম কোম্পানিকে সভাপতি, মো. ইলিয়াছ সরকারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠিত হয়।