Published : 26 Nov 2024, 11:09 PM
সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে কারাগারে নেওয়ার সময় সংঘর্ষের মধ্যে আইনজীবী নিহত হওয়ার ঘটনায় জড়িতদের রাতের মধ্যেই গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরের আমীর শাহজাহান চৌধুরী।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার রাতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মরদেহ দেখতে গিয়ে তিনি বলেন, “স্পষ্টভাবে বলতে চাই, আজকে (মঙ্গলবার) রাতের মধ্যে ইসকনের সন্ত্রাসী, ফ্যাসিবাদী পতিত স্বৈরাচারীর দোসরদের গ্রেপ্তার করতে হবে। ধর্মের নামে সন্ত্রাসী, সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র চলবে না।”
ইসকন ‘এভাবে কাজ করতে পারে না’ মন্তব্য করে জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য শাহজাহান বলেন, “আইনজীবীকে যারা হত্যা করেছে, তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে। যদি গ্রেপ্তার না করেন আমরা আগামীকাল (বুধবার) বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব।
“উচ্ছৃঙ্খল ইসকনের এভাবে হত্যাকাণ্ডে আমরা ব্যথিত, শোকাহত। অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করব তাদের কাজকর্ম সম্পর্কে খবর রাখুন। এরা আসলে সনাতনী ধর্মের নয়, এরা সশস্ত্র ক্যাডার। এরা বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়।”
রাষ্ট্রদ্রোহের একটি মামলায় চিন্ময় দাশকে ঢাকা থেকে গ্রেপ্তারের পর মঙ্গলবার চট্টগ্রামে নেওয়া হয়। চট্টগ্রাম আদালত থেকে তাকে কারাগারে নেওয়ার সময় সংঘর্ষের মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের ওপর হামলা হয়।
চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত থেকে বাসায় ফেরার পথে সড়কে আইনজীবী সাইফুলের ওপর হামলা করা হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
তার দাবি, ধারাল অস্ত্রের আঘাতে ওই আইনজীবীকে ‘হত্যা’ করা হয়েছে। সংঘর্ষের সময় আরও ২০ জন আইনজীবী আহত হয়েছেন।
সাইফুল চট্টগ্রাম আইনজীবী সমিতির সদস্য ছিলেন বলে জানান তিনি।
শাহজাহান চৌধুরী বলেন, “ষড়যন্ত্রকারীরা বারবার আমাদের শান্তি প্রিয় ১৮ কোটি মানুষের ওপর ষড়যন্ত্রের মাধ্যমে একটা নৈরাজ্য চাপিয়ে দিতে চায়। আজকে যে ঘটনা ঘটেছে আমার মনে হয় গত একশ বছরে এরকম ঘটনা ঘটে নাই।
“একজন আইনজীবী যিনি আমাদের লোহাগাড়া চুনতির কৃতি সন্তান। চট্টগ্রাম বার কাউন্সিলের প্রত্যেক সদস্য দলমত নির্বিশেষে তাকে ভালোবাসে। তাকে হত্যা করা হয়েছে।”
তিনি বলেন, “বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী নিয়মতান্ত্রিকভাবে রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকন থেকে বহিস্কৃত চিন্ময়কে গ্রেপ্তার করে আদালত ভবনে নিয়ে আসে। সেখানে উচ্ছৃঙ্খল সন্ত্রাসী ইসকনের অস্ত্রধারীরা যেভাবে উকিলদের উপর আক্রমণ করেছে ধারালো অস্ত্র নিয়ে…আমরা অত্যন্ত শোকাহত ও মর্মাহত।”
আইনজীবীকে হত্যার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এই জামায়াত নেতা। বলেন, “তাদের (আইনশৃঙ্খলা বাহিনী) কাছে প্রশ্ন রাখতে চাই- আপনারা অতীতে তো শতভাগ দায়িত্ব পালন করেছেন। আর এখন আইনশৃঙ্খলা যাতে বিঘ্নিত হয় সেজন্য আপনারা ষড়যন্ত্র করছেন।
“এই অন্তর্বর্তী সরকার ব্যর্থ করার জন্য ষড়যন্ত্রে আপনারাও লিপ্ত হয়েছেন। আমাদের কাছে তালিকা আছে। আপনারা বাঁচতে পারবেন না।”
আরও পড়ুন-