১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আমদানি নিষিদ্ধ ঘনচিনি জব্দ

স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় ঘনচিনি আমদানি নিষিদ্ধ পণ্যের তালিকায় অন্তর্ভুক্ত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2025, 09:48 PM

Updated : 26 Aug 2026, 02:31 PM

চীন থেকে তিনটি কন্টেইনারে আনা আমদানি নিষিদ্ধ ৬০ টন ঘনচিনি জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ, যার মূল্য প্রায় ২ কোটি টাকা।

ঢাকার মতিঝিলের ‘এইচপি ইন্টারন্যাশনাল’ সোডা অ্যাশ ঘোষণা দিয়ে এ পণ্য এনেছে বলে মঙ্গলবার চট্টগ্রাম কাস্টমস হাউজ কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বন্দরে গত ১৬ অগাস্ট কন্টেইনার তিনটি আসে। খালাসের জন্য সেগুলো উত্তর কাট্টলীতে গোল্ডেন কন্টেইনার ডিপোতে নেওয়া হয়। পরে গোপন খবরে কন্টেইনার তিনটির খালাস কার্যক্রম বন্ধ করে দেয় কাস্টমস কর্তৃপক্ষ।

পরবর্তীতে সিঅ্যান্ডএফ এজেন্টস ও ডিপোর প্রতিনিধি, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে গত ১৬ সেপ্টেম্বর কন্টেইনার তিনটি পরীক্ষা করে ঘন চিনি বলে নিশ্চিত করা হয়।

ঘন চিনি সাধারণ চিনির চেয়ে ৩০ থেকে ৫০ গুণ বেশি মিষ্টি। অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের মিষ্টান্ন, বেকারি পণ্য, আইসক্রিম, বেভারেজ, জুস, চকোলেট, কনডেন্সড মিল্ক ও শিশুখাদ্য তৈরিতে সাধারণ চিনির বদলে ব্যবহার করে থাকে।

স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় আমদানি নীতি আদেশ ২০২১-২৪ এর আওতায় ঘনচিনি আমদানি নিষিদ্ধ পণ্যের তালিকায় অন্তর্ভুক্ত।