চট্টগ্রামে মনোনয়নপত্র বিক্রির প্রস্তুতি শেষ, সিডির দাম কত?
এবার সংসদ নির্বাচনে প্রার্থী হতে হলে মনোনয়নপত্রের সঙ্গে ৫০ হাজার টাকা জামানত দিতে হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের আসনগুলোতে মনোনয়নপ্রত্যাশীদের জন্য মনোনয়নপত্র বিক্রির প্রস্তুতি সম্পন্ন করেছে আঞ্চলিক নির্বাচন কার্যালয়।
ইতোমধ্যে গণবিজ্ঞপ্তি জারি, ছবি ছাড়া ভোটার তালিকার সিডির দাম নির্ধারণসহ বিভিন্ন কাজ গুছিয়ে নেওয়ার কথা বলেছেন চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বেলায়েত হোসেন চৌধুরী।
শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমরা নির্বাচনের বিভিন্ন প্রস্ততি ইতোমধ্যে সম্পন্ন করেছি। জেলা কার্যালগুলোতে ঢাকা থেকে মনোনয়ন ফরম আসা শুরু হয়েছে।
এছাড়াও ভোটগ্রহণ কেন্দ্রের কাজ গুছিয়ে নেওয়া হয়েছে। বুথ, ভোট গ্রহণকারীদের তালিকা করার প্রক্রিয়া চলছে, বলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বেলায়েত।
আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন রেখে বৃহস্পতিবার জাতীয় সংসদ ও গণভোটের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
ঘোষিত তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ২৯ ডিসেম্বর পর্যন্ত, তা বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। তার তিন সপ্তাহ পর হবে ভোটগ্রহণ।
প্রার্থিতা প্রত্যাহারের পর ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ হবে। সেক্ষেত্রে মনোনয়নপত্র জমার জন্য ১৮ দিন সময় দেওয়া হয়েছে এবং প্রচারের জন্য ২০ দিন সময় রয়েছে।
সারা দেশে ৩০০ সংসদীয় আসনের মধ্যে চট্টগ্রাম জেলা ও মহানগর মিলিয়ে আছে ১৬টি।
চট্টগ্রামের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্র ও শনিবার কেউ নির্বাচনি মনোনয়নপত্র সংগ্রহ করেনি।
“আমাদের অতীত অভিজ্ঞতায় দেখেছি সচরাচর শেষের দিকে এসে প্রার্থীরা ফরম সংগ্রহ করেন। এবারও এমন হতে পারে। তবে আমাদের প্রস্তুতি আছে।”
জেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তারা বলছেন, প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহের আগে নির্ধারিত ফি জমা দিয়ে আসনভিত্তিক ভোটার তালিকার সিডি সংগ্রহ করতে হবে। পাশাপাশি তাদের জামানতের টাকাও জমা দিতে হবে।
এবার সংসদ নির্বাচনে প্রার্থী হতে হলে মনোনয়নপত্রের সঙ্গে ৫০ হাজার টাকা জামানত দিতে হবে। আগে এর পরিমাণ ছিল ২০ হাজার টাকা।
‘ছবি ছাড়া’ ভোটার তালিকার মূল্য
চট্টগ্রাম–১ (মীরসরাই উপজেলা) আসনের ছবি ছাড়া ভোটার তালিকার সিডির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা, চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনের ১৮ হাজার, চট্টগ্রাম–৩ (সন্দ্বীপ) আসনের ১২ হাজার, চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড উপজেলা ও সিটি করপোরেশনের ৯ ও ১০ নম্বর ওয়ার্ড) আসনের ১০ হাজার টাকা।
এছাড়া চট্টগ্রাম–৫ (হাটহাজারী ও চসিক ১ ও ২ নম্বর ওয়ার্ড) ১৩ হাজার টাকা ও চট্টগ্রাম–৬ (রাউজান উপজেলা) আসনের সিডির দাম ১১ হাজার ৫০০ টাকা।
চট্টগ্রাম–৭ (রাঙ্গুনিয়া) ১২ হাজার, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী উপজেলা, নগরীর চান্দগাঁও ও বায়েজিদ আংশিক) ১১ হাজার ৫০০ টাকা, চট্টগ্রাম–৯ (কোতোয়ালী বাকলিয়া) সাত হাজার টাকা, চট্টগ্রাম–১০ (পাহাড়তলী–হালিশহর–খুলশী–পাঁচলাইশ) ৪ হাজার টাকা। চট্টগ্রাম–১১ (বন্দর–পতেঙ্গা–সদরঘাট) পাঁচ হাজার, চট্টগ্রাম–১২ (পটিয়া উপজেলা) ১৩ হাজার টাকা, চট্টগ্রাম–১৩ (আনোয়ারা–কর্ণফুলী উপজেলা) আট হাজার টাকা, চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক ইউনিয়ন) ১৬ হাজার, চট্টগ্রাম–১৫ (লোহাগাড়া উপজেলা ও পাঁচটি ইউনিয়ন ব্যতীত সাতকানিয়া উপজেলা) ১৪ হাজার ৫০০ টাকা এবং চট্টগ্রাম–১৬ (বাঁশখালী উপজেলা) আসনের ১১ হাজার ৫০০ টাকা।
তিন রিটার্নিং অফিসার কারা
চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন তিনজন। ৪, ৫, ৮, ৯ ও ১০ আসনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, ১, ২, ৩, ৬,৭, ১২, ১৩, ১৪ ও ১৫ আসনের রিটার্নিং অফিসরের দায়িত্ব পালন করবেন চট্টগ্রামের জেলা প্রশাসক।
এছাড়া চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা চট্টগ্রাম-১১ আসনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন।
সহকারী রিটার্নিং অফিসার ২৫ জন
চট্টগ্রাম–১ (মীরসরাই) আসনে মিরসরায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনে উপজেলা নির্বাহী কর্মকর্তা, চট্টগ্রাম–৩ (সন্দ্বীপ) আসনে উপজেলা নির্বাহী কর্মকর্তা, চট্টগ্রাম ৪ (সীতাকুণ্ড উপজেলা, নগরীর ৯ ও ১০ নম্বর ওয়ার্ড) আসনে সীতাকুণ্ড অংশে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নগরীর দুইটি ওয়ার্ডে সীতাকুণ্ড উপজেলা নির্বাচন কর্মকর্তা সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন।
চট্টগ্রাম–৫ (হাটহাজারী ও নগরীর ১ ও ২ নম্বর ওয়ার্ড) আসনে হাটহাজারী অংশে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নগরীর দুই ওয়ার্ডে হাটাহাজারী উপজেলা নির্বাচন কর্মকর্তা, চট্টগ্রাম–৬ (রাউজান উপজেলা) ও চট্টগ্রাম–৭ (রাঙ্গুনিয়া) আসনে স্ব স্ব উপজেলার নির্বাহী কর্মকর্তারা, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী উপজেলা, নগরীর চান্দগাঁও ও বায়েজিদ আংশিক) আসনের বোয়ালখালী অংশে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নগরীর ওয়ার্ডে পাঁচলাইশ থানা নির্বাচন কর্মকর্তা, চট্টগ্রাম–৯ (কোতোয়ালী বাকলিয়া) চান্দগাঁও ও কোতোয়ালী থানা নির্বাচন কর্মকর্তা, চট্টগ্রাম–১০ (পাহাড়তলী–হালিশহর–খুলশী–পাঁচলাইশ) পাহাড়তলী ও ডবলমুরিং থানা নির্বাচন কর্মকর্তা, চট্টগ্রাম–১১ (বন্দর–পতেঙ্গা–সদরঘাট) আসনে অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ শাখা) ও বন্দর থানা নির্বাচনি কর্মকর্তা সহকারী রিটানিং অফিসারের দায়িত্ব পালন করবেন।
এছাড়া, চট্টগ্রাম–১২ (পটিয়া উপজেলা) আসনে উপজেলা নির্বাচন কর্মকর্তা, চট্টগ্রাম–১৩ (আনোয়ারা–কর্ণফুলী উপজেলা) আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং চট্টগ্রাম ১৬ আসনে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন।
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ছয়টি চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক ইউনিয়ন) আসনের অধীনে। অপর ছয়টি চট্টগ্রাম–১৫ (লোহাগাড়া উপজেলা ও সাতকানিয়া উপজেলা) আসনে।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দুইটি আসনেই সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকবেন। আর চন্দনাইশ ও লোহাগাড়া উপজেলায় সেখানকার নির্বাহী কর্মকর্তারা এই দায়িত্বে থাকবেন।
