১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভূমিকম্প: ‘হেলে গেছে’ সাবেক মেয়র মনজুরের সাততলা ভবন

সাততলা ভবনটিতে ১০টি পরিবার বসবাস করে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2025, 06:57 PM

Updated : 26 Aug 2026, 05:09 PM

চট্টগ্রামে ভূমিকম্পের ঝাঁকুনিতে সাততলা একটি ভবন পাশেরটির দিকে হেলে পড়েছে। 

নগরীর ডবলমুরিং থানার মনছুরাবাদ মিয়াবাড়ি সড়কের ওই ভবনটি সাবেক সিটি মেয়র এম মনজুর আলমের মালিকানাধীন। 

ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাবেক সিটি মেয়র মনজুর আলমের মালিকানাধীন সাততলা ভবনটি ভূমিকম্পে পাশের ভবনের দিকে হেলে পড়েছে বলে স্থানীয়দের ভাষ্য। 

“খবর পেয়ে আমরা ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়েছিলাম। কেউ কেউ বলছে ভবনটি আগে থেকেই হেলানো ছিল। আবার কেউ বলছে ভূমিকম্পে হেলে গেছে।” 

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ বলছে, সাততলা ওই ভবনে ১০টি পরিবার বসবাস করে। ভবনের নিচতলায় ডায়াবেটিস পরীক্ষা নিরীক্ষার একটি কেয়ার সেন্টার আছে। 

পুলিশের মত ফায়ার সার্ভিসও বলছে, ভবনটি আগে থেকেই হেলানো ছিল বলে অনেকেই বলছে। ভূমিকম্পে আরেকটু হেলে গেছে। 

শুক্রবার সকালে ১০টা ৩৮ মিনিটে এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৭; উৎপত্তিস্থল ছিল ঢাকার পাশে নরসিংদীর মাধবদীতে।

গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পে দেশের তিন জেলায় শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে শতাধিক মানুষ।

এ ভূমিকম্পে রাজধানী ঢাকায় বেশকিছু ক্ষয়-ক্ষতি হলেও চট্টগ্রাম নগরীতে তেমন কোনো ক্ষয়-ক্ষতির ঘটনা ঘটেনি।