চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারা লরি পুকুরে, নিহত এক, শিশু নিখোঁজ
বামে মোড় নেওয়ার সময় লরিটি সেখানে থাকা পাঁচ জনকে ধাক্কা দিয়ে পুকুরে পড়ে যায়।
চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি পুকুরে পড়ার ঘটনায় একজনের মৃত্যুর পাশাপাশি একটি শিশু নিখোঁজ রয়েছে।
শুক্রবার রাতে পতেঙ্গা প্রজাপতি পার্ক এলাকায় বিমানবন্দর সড়কে এ দুর্ঘটনায় আরও পাঁচ জন আহত হয়। তাদের একজন পরে মারা যান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।
নিহত তরুণ ১৯ বছর বয়সী আসাদুজ্জামান সানি।
পতেঙ্গা থানার এএসআই মো. সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নেভাল সড়ক দিয়ে এসে লরিটি প্রজাপতি পার্কের সামনের রাস্তা দিয়ে টানেল সড়কে যাচ্ছিল। বামে মোড় নেওয়ার সময় লরিটি সেখানে থাকা পাঁচ জনকে ধাক্কা দিয়ে পুকুরে পড়ে যায়।
স্থানীয় লোকজন চার জনকে উদ্ধার করলেও এক শিশু পুকুরে নিখোঁজ রয়েছে বলে জানান তিনি। নিখোঁজ শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিস এসে কাজ শুরু করে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরে আলম আশেক জানান, স্থানীয় লোকজন আহত অবস্থায় পাঁচ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। তাদের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করানো হয়। এদের মধ্যে একজন মারা যায়। আরও চার জন হাসপাতালে ভর্তি আছে।
