২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৈষম্যবিরোধী আন্দোলন: পটিয়ার সাংবাদিক আমিরী গ্রেপ্তার

তিনি দৈনিক যুগান্তর ও চট্টগ্রামের আঞ্চলিক পত্রিকা দৈনিক পূর্বদেশের পটিয়া প্রতিনিধি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2025, 01:59 PM

Updated : 26 Aug 2026, 12:18 PM

বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যাচেষ্টা মামলায় চট্টগ্রামের পটিয়ার সাংবাদিক আবেদুজ্জামান আমিরীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

পটিয়া উপজেলা থেকে বুধবার রাতে তাকে গ্রেপ্তারের পর পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। 

গ্রেপ্তার আবেদুজ্জামান আমিরী দৈনিক যুগান্তর ও চট্টগ্রামের আঞ্চলিক পত্রিকা দৈনিক পূর্বদেশের পটিয়া প্রতিনিধি। 

র‌্যাব-৭ এর স্টাফ অফিসার ও সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নগরীর হালিশহর থানার বৈষম্যবিরোধী আন্দোলনের এক মামলার আসামি আবেদুজ্জামান আমিরী। এ মামলায় তাকে গ্রেপ্তার করে হালিশহর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

হালিশহর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আবেদুজ্জামান আমিরীকে র‌্যাব গ্রেপ্তার করে বুধবার রাতে আমাদের কাছে হস্তান্তর করেছিল। সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।”

মামলার বিবরণ অনুযায়ী, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে মামলার বাদী সাজ্জাদ আহমেদ সাদ্দাম ও তার ফুফাত ভাই ঘর থেকে বের হলে সিআরবি তিন রাস্তা এলাকায় তাদের গুলি করা হয়। এতে তার ফুফাত ভাই গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গত ২০ অগাস্ট হালিশহর থানায় করা মামলাটিতে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবদুর সবুর লিটনকে প্রধান আসামি করা হয়েছে। ৩১ জনের নাম উল্লেখ করে সেখানে অচেনা আরও ২০০/২৫০ জনকে আসামি করা হয়। এ মামলায় ২৯ নম্বর আসামি করা হয়েছে আবেদুজ্জামান আমেরীকে।