২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মহিষ চড়ানো নিয়ে ‘মারামারিতে’ কিশোরের মৃত্যু

একজনের মহিষ আরেকজনের দিকে যাওয়া নিয়ে মারামারিতে জড়িয়ে পড়ে দুজন, বলছে পুলিশ।

চট্টগ্রামে মহিষ চড়ানো নিয়ে ‘মারামারিতে’ কিশোরের মৃত্যু
ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2026, 06:58 PM

Updated : 26 Aug 2026, 03:10 PM

চট্টগ্রামে মহিষ চড়ানো নিয়ে মারামারিতে এক কিশোরের প্রাণ গেছে।

পটিয়া উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের কুরাংগিরি এলাকায় রোববার সন্ধ্যায় এ ঘটনার পর রাতে একজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

মারা যাওয়া মো. হাসান বাবু (১৫) কুরাংগিরি এলাকার আবুল কাশেমের ছেলে। গ্রেপ্তার যুবকের নাম জয়নাল আবেদীন ওরফে লিমন (২০)।

পটিয়া থানার ওসি মো. জিয়াউল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাসান ও লিমন একই এলাকার বাসিন্দা। খালের পাড়ে জমিতে তারা দুইজনেই মহিষ চড়ান।

“একজনের মহিষ আরেকজনের দিকে যাওয়া নিয়ে তাদের মধ্যে আগেও কয়েকবার ঝামেলা হয়েছিল। রোববারও একই ঘটনায় দুজনের মধ্যে কথাকাটাকাটি থেকে হাতাহাতি হয়। একপর্যায়ে লিমন পেছন থেকে বাবুর গলা চেপে ধরলে সে ঘটনাস্থলে মারা যায়।”

ওসি বলেন, “খবর পেয়ে রাতে বাবুর লাশ উদ্ধার করে পুলিশ। মরদেহ ফেলে রেখে লিমন সেখান থেকে পালিয়ে যান। গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়।”

লিমন হত্যার ‘দায় স্বীকার করে’ আদালতে জবানবন্দি দিয়েছেন, বলছে পুলিশ।