চট্টগ্রামে উন্মুক্ত খাল-নালায় লাল পতাকা দেওয়ার নির্দেশ মেয়রের
উন্মুক্ত খাল-নালা জীবনের ঝুঁকি তৈরি করছে, বলেন সিটি মেয়র।
চট্টগ্রামে পরিষ্কারের জন্য খুলে রাখা খাল-নালায় দ্রুত কাজ শেষ করে ঢেকে ফেলার নির্দেশ দিয়েছেন সিটি মেয়র শাহাদাত হোসেন। সেইসঙ্গে উন্মুক্ত করে রাখা নালাগুলোতে লাল পতাকা টাঙানোর নির্দেশনাও দিয়েছেন তিনি।
নগরীর মুরাদপুরে ফুটপাত ধরে হাঁটার সময় স্ল্যাব উল্টে এক নারী নালায় পড়ার এক দিন পর বুধবার এ নির্দেশনা দিয়েছেন মেয়র।
লালদিঘীর পাড়ে টিসিবি কার্ড বিতরণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়ে এক সভায় তিনি বলেন, “সম্প্রতি কিছু সমস্যা আমার চোখে পড়ছে, যেগুলো অত্যন্ত জনসম্পৃক্ত। যেগুলোর কারণে আমি মনে করছি করপোরেশনের ভাবমূর্তি, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।
“এগুলো হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডে ঝুঁকিপূর্ণ স্ল্যাব ও ম্যানহোল। খাল-নালা পরিষ্কারে গাফিলতি। ময়লা আবর্জনা পরিষ্কারে গাফিলতি। মশক নিধন অভিযানে শৈথিল্য। রাস্তার গর্ত। এ সমস্যাগুলো সমাধান করতে চাই।”
শাহাদাত হোসেন বলেন, “যেহেতু খাল-নালার স্ল্যাবগুলো পরিষ্কার-পরিচ্ছন্নতার সাথে সম্পর্কিত আর স্ল্যাব খুলে কিন্তু ময়লাগুলো নিতে হচ্ছে। সম্প্রতি নালাগুলো আমরা ক্লিন করেছি। সেহেতু আমি আপনাদেরকে সতর্ক করতে চাই, যাতে দ্রুত এগুলো ক্লিন করার পরে আবার যাতে ঢেকে দেওয়া হয়। যেকোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট করতে পারে। আজকে আমি চকবাজার, কাপাসগোলা, উর্দুগলি, মুন্সিপুকুর পাড়, কাতালগঞ্জ, বৌদ্ধ মন্দির এসব জায়গায় আজকে ঘুরেছি। আমি দেখেছি, বিভিন্ন নালা পরিষ্কার করার জন্য স্ল্যাবগুলো তারা খুলছে।”
উন্মুক্ত খাল-নালা জীবনের ঝুঁকি তৈরি করছে মন্তব্য করে তিনি বলেন, “এজন্য সিভিল ও পরিচ্ছন্ন বিভাগের সুপারভাইজাররা এ বিষয়টির সমাধান করবেন। আপনারা ঝুঁকিপূর্ণ স্ল্যাব এবং উন্মুক্ত যত নালা পাবেন সেগুলো দেখবেন। এ ব্যাপারে তালিকা করে আপনারা ওয়ার্ডভিত্তিক একটা বাজেট করে ফেলবেন।
“আগামী বুধবার আমি আবারও আপনাদের সাথে বসে এ ব্যাপারে জবাবদিহি নিব। যেসব জায়গায় খাল বা নালায় স্ল্যাব উন্মুক্ত ফেলে রাখা হয়েছে, সেগুলো লাল পতাকা দিয়ে চিহ্নিত করবেন।”
সভায় সিটি করপোরেশনের সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান উপস্থিত ছিলেন।
