১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে শতবর্ষী কালী মন্দিরে চুরি, গ্রেপ্তার ২

তাদের কাছ থেকে লকেটসহ একটি সোনার চেইন ও এক জোড়া কানের দুল উদ্ধার করা হয়েছে

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2025, 03:41 PM

Updated : 26 Aug 2026, 05:05 PM

চট্টগ্রামে দেড়শ বছরের পুরানো কালী মন্দিরে প্রতিমার অলঙ্কার চুরির ঘটনায় দুই সহোদরকে গ্রেপ্তার করে গলার চেইন ও কানের দুল উদ্ধার করার তথ্য দিয়েছে পুলিশ।

নগরীর স্টেশন রোড ও সাগরিকা বিটাক এলাকায় অভিযান চালিয়ে রোববার তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুই জন হলেন- আবুল হোসেন (২৬) ও আরমান হোসেন (৩১); পটুয়াখালীর বাউফলে বাড়ি হলেও তারা থাকেন নগরীর দক্ষিণ কাট্টলী লংকা পাড়া এলাকা।

 সোমবার কোতোয়ালী থানায় সংবাদ সম্মেলনে নগর পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) আলমগীর হোসেন বলেন, দুই জনের মধ্যে আরমান চুরি করতে কালী মন্দিরে প্রবেশ করেছিল। মন্দিরের পেছনে টিনের চালের ওপর দিয়ে উঠে দুই বর্গ ফুটের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে মূল মন্দিরে প্রবেশ করে। 

আরমান সেগুলো চুরি করে আবুল হোসেনকে দিয়েছিল বিক্রি করতে। পরে সে পুলিশের হাতে ধরা পড়ে। তার দেওয়া তথ্যে আরমানকে সাগরিকা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

তাদের কাছ থেকে লকেটসহ একটি সোনার চেইন ও এক জোড়া কানের দুল উদ্ধার করা হয়েছে বলে উপ কমিশনার আলমগীর জানিয়েছেন। 

শনিবার রাত থেকে রোববার ভোররাতের মধ্যে চট্টগ্রামে দেড়শ বছরের পুরানো সদরঘাট কালী মন্দিরে প্রতিমার অলঙ্কার ও দান বাক্স থেকে টাকা চুরি হয়। 

“চোরের দল কালীর মাথায় থাকা প্রতিটি চার ভরি ওজনের একটি স্বর্ণ ও একটি রুপার মুকুট, কানের দুল, দুই ভরি ওজনের লকেটসহ চেইন, চার ভরি ওজনের রুপার মুণ্ডমালা, চার আনা ওজনের স্বর্ণের লকেট ও দান বাক্স ভেঙে প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে।"

ক্রেতা সেজে চোর ধরা 

কোতোয়ালী থানার ওসি আবদুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর রাতে চুরি করে আরমান অলঙ্কারগুলো তার ছোট ভাই আবুল হোসেনের কাছে রাখতে দিয়েছিল। আবুল হোসেন দক্ষিণ কাট্টলী এলাকায় একটি দোকানে সেগুলো বিক্রি করতে গিয়েছিলেন। 

“কালী বাড়ির অলঙ্কার চুরির বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় অজ্ঞাত নম্বর থেকে আমার কাছে কাট্টলী এলাকায় এক ব্যক্তি একটি জুয়েলারি দোকানে অলঙ্কার বিক্রি করতে যাওয়ার তথ্য দিয়েছিল। সেই তথ্যের ভিত্তিতে দোকানটি শনাক্ত করে আমরা অভিযান শুরু করি।”

ওসি বলেন, ক্রেতা সেজে আবুল হোসেনের সাথে যোগাযোগের পর সে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে যেতে বলে বিভ্রান্তিকর তথ্য দেওয়া শুরু করে। 

“এক পর্যায়ে হোসেনের রেল স্টেশন এলাকায় অবস্থান করার তথ্য পেয়ে আমরা তাকে হাতেনাতে আটক করে চেইন ও কানের দুল উদ্ধার করেছি।”

এদিকে আরও অলঙ্কার উদ্ধার করতে অভিযান অব্যাহত আছে এবং গ্রেপ্তার দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে আনা হবে বলে জানিয়েছেন ওসি আবদুল করিম

চট্টগ্রামে শতবর্ষী কালী মন্দিরে গয়না-টাকা চুরি