১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে শতবর্ষী কালী মন্দিরে গয়না-টাকা চুরি

“মন্দিরের পেছনে ঘরের চালের উপরে উঠে মূল মন্দিরের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে চোর মন্দিরে প্রবেশ করতে পারে।”

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2025, 02:03 PM

Updated : 26 Aug 2026, 05:05 PM

চট্টগ্রামে দেড়শ বছরের পুরানো এক কালী মন্দিরে প্রতিমার অলঙ্কার ও দান বাক্স থেকে টাকা চুরি হয়েছে। 

নগরীর সদরঘাট কালী মন্দিরে শনিবার রাত থেকে রোববার ভোররাতের মধ্যে এ চুরির ঘটনা ঘটতে পারে বলে ধারণা মন্দিরের সেবায়েতদের।

মন্দিরের সেবায়েত পরিবারের সদস্য সানা ভট্টাচার্য্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রায় ১৫০ বছরের পুরানো কালী মন্দিরটিতে এ প্রথম চুরির ঘটনা ঘটেছে। 

“চোরের দল কালীর মাথায় থাকা প্রতিটি চার ভরি ওজনের একটি স্বর্ণ ও একটি রুপার মুকুট, কানের দুল, দুই ভরি ওজনের লকেটসহ চেইন, চার ভরি ওজনের রুপার মুণ্ডমালা, চার আনা ওজনের স্বর্ণের লকেট ও দান বাক্স ভেঙে টাকা চুরি করে নিয়ে গেছে।"

সানার ভাষ্য, নগরীর ঐতিহ্যবাহী এ কালী মন্দিরে প্রতিদিন বিপুল সংখ্যক ভক্তের সমাগম ঘটে। তারা দান বাক্স প্রণামী দিয়ে থাকেন।

“সে হিসেবে দান বাক্সে ৬০ থেকে ৭০ হাজার টাকা থাকতে পারে।”

তিনি বলেন, “মন্দিরের মূল ফটকের দরজার তালা ঠিক আছে। আমাদের ধারণা মন্দিরের পেছনে ঘরের চালের উপরে উঠে মূল মন্দিরের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে চোর মন্দিরে প্রবেশ করতে পারে।”

সকাল ৭টার দিকে মন্দিরের দরজা খুলতে গিয়ে তারা চুরির বিষয়টি টের পান বলে জানিয়েছেন সানা ভট্টাচার্য্য।

মন্দিরের পেছনে সেবায়েতদের পরিবারের বসবাস। মূল মন্দিরের পেছনে লাগায়ো টিনশেডর ঘর। চালের উপরে মন্দিরের দেয়ালে কাঠের ফ্রেমে কাঁচের ভেন্টিলেটর দেওয়া আছে। 

কোতোয়ালী থানার ওসি আবদুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

“সেখানে কোন সিসি ক্যামেরা নাই। তারা এজাহার দিচ্ছে।”

বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে বলে জানিয়েছেন ওসি।