২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিরোধ বাবার সঙ্গে’, আছাড় মেরে হত্যা ৬ বছরের ছেলেকে

মাদ্রাসা থেকে ফেরার পথে শিশুটিতকে মারধর ও আছাড় মেরে হত্যা করা হয়, বলছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2025, 07:46 PM

Updated : 26 Aug 2026, 02:19 PM

চট্টগ্রামের সন্দ্বীপে এক ব্যক্তির সঙ্গে ‘পূর্ব শত্রুতার জেরে’ তার স্কুলগামী শিশু সন্তানকে আছাড় মেরে হত্যার খবর পাওয়া গেছে।

বুধবার সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের পেলিশ্যার বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত শিশু আলী হোসেন মগধরা গ্রামের আবু তাহেরের ছেলে। স্থানীয় একটি মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়ত সে।

হত্যার ঘটনার পর জাহাঙ্গীর আলম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়িও মগধরা ইউনিয়নে।

প্রাথমিক তথ্যের বরাতে সন্দ্বীপ থানার ওসি এ কে এম সফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছয় বছরের শিশুটির বাবার সঙ্গে জাহাঙ্গীরের পূর্ব বিরোধ ছিল। সকালে শিশুটি মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে জাহাঙ্গীর তাকে মারধর করে ও মাথার ওপর তুলে আছাড় মারে। এতে শিশুটির নাক, মুখ ও কান দিয়ে রক্ত বের হয়ে যায়।”

খবর পেয়ে শিশুটিকে তার পরিবার স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় সাগরে স্পিডবোটেই সে মারা যায়।

ঘটনার পর শিশুটিকে আছাড় মারার কথা ‘জাহাঙ্গীর স্বীকার করেছে’, বলেন ওসি।