চট্টগ্রাম-২: বিএনপির সরোয়ারের ভোটের পথ খুলল
জামায়াত প্রার্থীর আপিলে তার মনোনয়নপত্র বাতিল করেছিল ইসি।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিলের যে সিদ্ধান্ত দিয়েছিল ইসি তা স্থগিত করেছে হাই কোর্ট।
একই সঙ্গে তার মনোনয়নপত্র গ্রহণ করতে এবং ধানের শীষ প্রতীক দিতে ইসিকে নির্দেশ দেওয়া হয়েছে।
ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে সরোয়ার আলমগীরের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চ মঙ্গলবার রুলসহ এ আদেশ দেয়।
আদালতে সরোয়ার আলমগীরের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও মো. রুহুল কুদ্দুস শুনানি করেন। জামায়াতে ইসলামী প্রার্থী নুরুল আমিনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন ও আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী মো. রাজু মিয়া।
আহসানুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মনোনয়ন বাতিলের ইসির সিদ্ধান্ত স্থগিত করেছে হাই কোর্ট। সরোয়ার আলমগীরকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দিয়েছেন। তার নির্বাচনে অংশ নিতে আইনগত বাধা নেই।”
সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাছাইয়ে তা বৈধ ঘোষণা করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। কিন্তু এ বিএনপি নেতার বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগে ইসিতে আপিল দায়ের করেন জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন।
ওই অভিযোগের শুনানি নিয়ে গত ১৮ জানুয়ারি নির্বাচন কমিশন আপিল মঞ্জুর করে। অর্থাৎ সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।
ইসির এই সিদ্ধান্তোর বৈধতা চ্যালেঞ্জ করে প্রার্থিতা ফিরে পেতে সরোয়ার আলমগীর গত ১৯ জানুয়ারি হাই কোর্টে রিট আবেদন করেন।
নির্বাচন কমিশনের আইনজীবী মো. রাজু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরোয়ারের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করেছে, রুল দিয়েছে এবং তাকে ধানের শীষ প্রতীক বরাদ্দের নির্দেশ দিয়েছেন হাই কোর্ট।”
হাই কোর্টের আদেশের বিরুদ্ধে আপিলে যাবেন কি না, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিষয়টি ইসিকে অবহিত করা হবে। ইসির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী করণীয় ঠিক করা হবে।
জামায়াতে ইসলামীর প্রার্থীর আইনজীবী এ এস এম শাহরিয়ার কবীরের বক্তব্য জানতে ফোনে যোগাযোগের চেষ্টা করেও তার সাড়া মেলেনি।
