Published : 07 Oct 2025, 10:27 PM
জঙ্গল সলিমপুরে দুই সাংবাদিকের উপর হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।
মঙ্গলবার বিকালে নগরীর চেরাগী পাহাড় মোড়ে সমাবেশ থেকে এ দাবি জানান সাংবাদিক নেতারা।
সমাবেশে সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী বলেন, “৫৪ বছরের ইতিহাসে গণমাধ্যম তথা সাংবাদিকদেরকে কখনো রাষ্ট্রযন্ত্রের সঙ্গে কখনো রাজনৈতিক পেশী শক্তির সঙ্গে লড়াই করে সামনের দিকে এগিয়ে যেতে হয়েছে। আজকের দিনেও এই কঠিন বাস্তবতার কোনো ব্যতিক্রম হয়নি।
“সাংবাদিক সমাজ এই অবস্থা থেকে উত্তরণ চায়। এটা দেশ এবং সমাজের স্বার্থে। গণমাধ্যম তথা সাংবাদিকদের ন্যায্য দাবি ও নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের। সেই রাষ্ট্রের চাকুরে হিসেবে পুলিশ প্রশাসনের ভূমিকা এক্ষেত্রে সবার আগে। অবিলম্বে দুই সাংবাদিকদের উপর হামলাকারী সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।”
জঙ্গল সলিমপুরের আলিনগর এলাকায় শনিবার ভোরে ইয়াছিন ও রোকন-গফুর বাহিনীর মধ্যে সংঘর্ষে ব্যাপক গোলাগুলি হয়। সেখানে রোকন বাহিনীর এক সদস্য গুলিতে নিহত হন। আহত হন বেশ কয়েকজন। এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে রোববার সেখানে গিয়ে হামলার মুখে পড়েন সাংবাদিকরা। হামলায় এখন টিভির ব্যুরো প্রধান হোসাইন আহমেদ জিয়াদ ও ক্যামেরাপারসন পারভেজ রহমান আহত হন।
এ ঘটনার প্রতিবাদে আয়োজিত সমাবেশে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি শহীদ উল আলম বলেন, “সাংবাদিকরা দেশ, মানুষ ও গণতন্ত্রের জন্য কাজ করেন। সেই সাংবাদিকদের উপর হামলা মানেই রাষ্ট্র ও গণতন্ত্রের উপর হামলা। এক্ষেত্রে হামলাকারীদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।”
সিইউজে সাধারণ সম্পাদক সবুর শুভ বলেন, “দুই সাংবাদিক সহকর্মীর উপর কারা হামলা করেছে তা আমরা জানি। প্রশাসনেরও অজানা নয়। এসব সন্ত্রাসী বিগত সময়ে তৎকালীন প্রভাবশালী রাজনৈতিক নেতাদের হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে।
“পাহাড় ও সরকারি জায়গা দখলসহ নানা অপকর্মের মাধ্যমে জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসের স্বর্গরাজ্যে পরিণত করেছে। এখনো তারা রূপ পাল্টিয়ে আরেক রাজনৈতিক দলের নেতার আশ্রয়ে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। অবিলম্বে হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে।”
সিইউজের সাবেক সভাপতি মোস্তাক আহমদ, নাজিমুদ্দিন শ্যামল, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক, সিইউজের সাবেক সাধারণ সম্পাদক আসিফ সিরাজ, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার, চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক যীশু রায় চৌধুরী, চট্টগ্রাম টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুনা আনসারি, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজিব সমাবেশে বক্তব্য দেন।
সমাবেশে উপস্থিত ছিলেন বিএফইউজের যুগ্ম মহাসচিব মহসিন কাজী, সিইউজের সাবেক সভাপতি তপন চক্রবর্তী, সিইউজের সাবেক সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সোসাইটির সভাপতি খোরশেদুল আলম, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সিইউজের সিনিয়র সহ-সভাপতি স ম ইব্রাহিম, ডেইলি স্টারের ব্যুরো চিফ শিমুল নজরুল, আমাদের সময়ের ব্যুরো চিফ হামিদ উল্লাহ, সিইউজের যুগ্ম সম্পাদক ওমর ফারুক, অর্থ সম্পাদক সোহেল সারওয়ার, সাংগঠনিক সম্পাদক সুবল বড়ুয়া, সিইউজের টিভি ইউনিট প্রধান তৌহিদুল আলম, প্রেস ক্লাবের অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, প্রচার সম্পাদক খোরশেদ আলম শামীম।
আরও পড়ুন-
হামলায় দুই সাংবাদিক আহত: জঙ্গল সলিমপুরে সাঁড়াশি অভিযান চান মেয়র শাহাদাত