Published : 05 Oct 2025, 03:59 PM
চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক।
রোববার সকালে লোহারপুল এলাকায় স্থানীয় সন্ত্রাসীরা এ হামলায় চালায় বলে অভিযোগ।
আহতরা হলেন, এখন টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও ক্যামেরাম্যান মো. পারভেজ। জিয়াদ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
শনিবার ভোরে জঙ্গল সলিমপুরের আলিনগর এলাকায় ইয়াছিন ও রোকন-গফুর বাহিনীর মধ্যে সংঘর্ষে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে রোকন বাহিনীর এক সদস্য নিহত হন। আহত হন বেশ কয়েকজন। এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে সাংবাদিকরা সেখানে গিয়েছিলেন।
এখন টিভির প্রতিবেদক ফয়সাল করিম বলেন, “জঙ্গল সলিমপুরের লোহারপুল এলাকায় সংবাদ সংগ্রহ করতে গেলে হঠাৎ ৫০-৬০ জন লোক তাদের ওপর হামলা করে। এসময় তারা দেশীয় অস্ত্র ও গাছ দিয়ে আঘাত করে। তাদের বহনকারী অটোরিকশাতেও হামলা চালায়।”
ফয়সাল করিমের ভাষ্য, হামলাকারীরা সাংবাদিকদের মোবাইল ও মানব্যাগও ছিনতাই করে নিয়ে যায়; ভাংচুর করে ক্যামেরা।
সাংবাদিক জিয়াদ মাথায় ও মুখে গুরুতর আঘাত পেয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের দায়িত্বরত এসআই আলাউদ্দীন তালুকদার জানান, সলিমপুর থেকে আহত অবস্থায় দুই সাংবাদিককে হাসপাতালে আনা হয়েছে। জরুরি বিভাগের চিকিৎসক তাদের ওয়ার্ডে ভর্তি দিয়েছেন।