১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জঙ্গল সলিমপুর থেকে ১৮ মামলার আসামি গ্রেপ্তার

গেপ্তার জাহাঙ্গীরের বিরুদ্ধে ডাকাতি ও হত্যাসহ ১৮টি মামলা রয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

জঙ্গল সলিমপুর থেকে ১৮ মামলার আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার মো. জাহাঙ্গীর আলম ওরফে গিট্টু জাহাঙ্গীর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2022, 05:09 PM

Updated : 25 Dec 2022, 05:09 PM

চট্টগ্রামের বায়েজিদ থানা এলাকা থেকে ‘অস্ত্রসহ’ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, যার বিরুদ্ধে ডাকাতি ও হত্যাসহ ১৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

শনিবার রাতে জঙ্গল সলিমপুর থেকে তাকে গ্রেপ্তারের খবর র‌্যাব-৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গ্রেপ্তার মো. জাহাঙ্গীর আলম (৪০) স্থানীয়দের কাছে ‘গিট্টু জাহাঙ্গীর’ নামে পরিচিত। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় তার বাড়ি হলেও তিনি জঙ্গল সলিমপুরের ৬ নম্বর ছিন্নমূল সমাজে থাকেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন খবরে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় অভিযানে যায় র‌্যাব। সেখানে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করার পাশাপাশি একটি বিদেশি পিস্তল এবং দেশে তৈরি বন্দুক এবং চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

র‌্যাবের দাবি, জাহাঙ্গীর অবৈধ অস্ত্র নিয়ে দীর্ঘদিন ধরে ছিন্নমূল এলাকায় বাস করে আসছেন। ডাকাতি, মারামারিসহ বিভিন্ন অপরাধমূলক কাজে এসব অবৈধ অস্ত্র ব্যবহার করতেন।

জঙ্গল সলিমপুরের অবস্থান সীতাকুণ্ড উপজেলার আওতায় হলেও সেখানে যেতে হয় নগরীর বায়েজিদ থানার বাংলাবাজার এলাকা দিয়ে। প্রায় দুই দশক ধরে সেখানে পাহাড় কেটে অবৈধ ও ঝুঁকিপূর্ণ স্থাপনা গড়ে তুলেছে ‘চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় সংগ্রাম পরিষদ’ নামের একটি সংগঠন। সেসব ঘর ভাড়া দেওয়া হয়েছে চট্টগ্রামের আশেপাশে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে যাওয়া নিম্ন আয়ের মানুষকে। 

গত ১ জুলাই জঙ্গল সলিমপুরে গিয়ে সেখানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার, স্পোর্টস ভিলেজ, ক্রিকেট স্টেডিয়াম, মসজিদ ও ইকো পার্কসহ বিভিন্ন স্থাপনা তৈরির পরিকল্পনা জানিয়েছিলেন চট্টগ্রামের বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। মোট ৩ হাজার ১০০ একর জমির মধ্যে ৮৮ একর অবৈধ দখলদারদের হাতে থাকার কথা সেদিন জানিয়েছিল জেলা প্রশাসনের কর্মকর্তারা।

এরপর ২২ জুলাই থেকে ওই এলাকায় অবৈধ বসতি উচ্ছেদে গেলে এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষ হয়। উচ্ছেদ অভিযানে বেশকিছু ভূমি উদ্ধারের কথা জানানো হলেও মাসখানেক পর থেমে যায় সেই অভিযান।

আরও পড়ুন

পুরানো খবর:

জঙ্গল সলিমপুর: দুর্গম পাহাড়ে দুর্ভেদ্য সাম্রাজ্য