১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শিশু রাইফার মৃত্যু: অভিযোগপত্রে ৪ চিকিৎসকের নাম

ছয় বছর আগের ওই ঘটনায় চিকিৎসক ও সাংবাদিকরা মুখোমুখি অবস্থান নিয়েছিল।

শিশু রাইফার মৃত্যু: অভিযোগপত্রে ৪ চিকিৎসকের নাম

বাবার সঙ্গে শিশু রাইফা

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2024, 10:43 PM

Updated : 25 Mar 2024, 10:43 PM

চট্টগ্রামের বেসরকারি ম্যাক্স হাসপাতালে সাংবাদিককন্যা রাইফার মৃত্যুর ঘটনায় চার চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগপত্র প্রস্তুত করেছে তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

সোমবার চট্টগ্রাম নগর পুলিশের প্রসিকিউশন শাখায় এ অভিযোগপত্র জমা দেন পিবিআই চট্টগ্রাম মেট্রো অঞ্চলের পরিদর্শক আবু জাফর মো. ওমর ফারুক।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিশু রাইফার চিকিৎসায় অবহেলায় মৃত্যুর অভিযোগে ৩০৪ (ক) এবং ১০৯ ধারায় চার চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। ওই চিকিৎসকরা হলেন-বিধান রায় চৌধুরী, দেবাশীষ সেনগুপ্ত, শুভ্র দেব এবং ম্যাক্স হাসপাতালের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক ডা. লিয়াকত আলী খান।

মামলার বাদী রুবেল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ (সোমবার) সন্ধ্যায় আইও ফোন করে চার্জশিট জমা দেওয়ার বিষয়টি জানিয়েছেন। তিনি বলেছেন, আজ বিকেলে অভিযোগপত্র জমা দিয়েছেন।

“চিকিৎসায় অবহেলার জন্য চারজনকে আসামি করা হয়েছে। পাশাপাশি হাসপাতালে অব্যবস্থাপনার বিষয়টিও অভিযোগপত্রে এসেছে বলে আইও জানান। তবে আমি অভিযোগপত্রের কপি এখনো পাইনি। প্রায় ছয় বছর লাগলো অভিযোগপত্র দিতে। এখন বিচারের অপেক্ষা।”

২০১৮ সালের ২৮ জুন গলাব্যথা নিয়ে নগরীর বেসরকারি ম্যাক্স হাসপাতালে ভর্তি হওয়া শিশু রাইফা পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। দুই বছর চার মাস বয়সী রাইফার মৃত্যুর পর ম্যাক্স হাসপাতালের বিরুদ্ধে গাফিলতি, অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগে গড়ে ওঠে আন্দোলন।

সাংবাদিকদের বিক্ষোভের মুখে পুলিশ ওই হাসপাতালে কর্তব্যরত এক চিকিৎসক ও এক নার্সকে ধরে থানায় নিয়ে যায়। পরে বিএমএর চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল থানায় গিয়ে তাদের ছাড়িয়ে আনেন।

এরপর চট্টগ্রামের চিকিৎসক ও সাংবাদিকরা মুখোমুখি অবস্থানে যায়; দুই পক্ষ পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেন। এর মধ্যে র‌্যাব ম্যাক্স হাসপাতালে অভিযান চালিয়ে জরিমানা করলে চট্টগ্রামের বেসরকারি হাসপাতালগুলোতে একদিন সেবা বন্ধ রাখেন মালিকরা, ফলে ভুগতে হয় রোগীদের।

এরপর ওই বছরের ১৮ জুলাই রাইফার বাবা সাংবাদিক রুবেল খান মামলার আবেদন করেন নগরীর চকবাজার থানায়। দুদিন পর সেই মামলা গ্রহণ করা হয়। ওই মামলায় ম্যাক্স হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক লিয়াকত আলী খান, ডা. বিধান রায় চৌধুরী, ডা. দেবাশীষ সেন গুপ্ত ও ডা. শুভ্র দেবকে আসামি করা হয়।

২০১৮ সালের ১৪ অগাস্ট হাই কোর্টে একটি রিট মামলা করেন রুবেল খান। ওই মামলার আদেশের পরিপ্রেক্ষিতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। পাশাপাশি চট্টগ্রাম সিভিল সার্জনের নেতৃত্বাধীন তিন সদস্যের একটি কমিটিও ওই ঘটনার তদন্ত করে।

এই কমিটি কর্তব্যরত চিকিৎসক, নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা এবং গাফিলতির প্রমাণ পাওয়ার কথা জানিয়ে তিন চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল প্রতিবেদনে।

আরও পড়ুন:

পুরানো খবর:

রাইফার মৃত্যু: দুদিন পর মামলা নিল পুলিশ

পুরানো খবর:

ডিবি কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

পুরানো খবর:

শিশু রাইফার মৃত্যু: দুই পক্ষের সঙ্গে কথা বলেছে তদন্ত কমিটি

পুরানো খবর:

শিশু রাইফার মৃত্যু: জামিন পেলেন চার চিকিৎসক

পুরানো খবর:

ম্যাক্স হাসপাতালের ‘গাফিলতি মিলেছে’ তদন্তে