চট্টগ্রামে এসআইকে কুপিয়ে জখমের ঘটনায় আরও ৬ জন গ্রেপ্তার
এ নিয়ে ২১ জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ।
আওয়ামী লীগের ঝটিকা মিছিলের খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার পর চট্টগ্রামের বন্দর থানার এক এসআইকে কুপিয়ে জখম করার ঘটনায় আরও ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার ছয়জন হলেন- মো. ইরান বাদশা (২৪), নুরাল ফায়েজ পিয়াল (২৮), মো. জোবায়ের আহমেদ (২৩), মো. ফয়সাল (২২), মনির হোসেন (২৪) ও মো. সাহেদ (১৮)।
বন্দর থানার ওসি মো. আফতাব উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হামলার ঘটনার ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করার পর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
এ নিয়ে এসআইকে জখম করার ঘটনায় মোট ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
সোমবার রাতে নগরীর বন্দর থানাধীন ঈশান মিস্ত্রির ঘাট এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলের খবর পেয়ে থানা পুলিশের সদস্যরা সেখানে গেলে এসআই আবু সাঈদ রানাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়।
এ ঘটনায় রাতেই কয়েকজনকে আটকের কথা জানায় পুলিশ।
পুরনো খবর:
