চট্টগ্রামে পরিত্যক্ত ঘরে পড়ে ছিল যুবকের লাশ
লাশের পাশে মদের বোতল ও মোবাইল সেট পাওয়ার কথা বলছে পুলিশ।
চট্টগ্রামে পরিত্যক্ত ঘর থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছ পুলিশ।
শনিবার পাহাড়তলী সরাইপাড়া লোহারপুল এলাকা থেকে লাশ উদ্ধারের তথ্য দেন পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ।
আনুমানিক ৩৫ বছর বয়সী ওই যুবকের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ওসি বাবুল বলেন, সীমানা প্রাচীরে ঘেরা টিন শেড একটি ঘরে লাশটি পড়ে ছিল। দুর্গন্ধ বের হওয়ায় স্থানীয়রা সেটির সন্ধান পেয়ে পুলিশে খবর দেয়।
“প্রাথমিকভাবে মনে হচ্ছে লাশটি চার পাঁচদিন আগের। লাশের পাশে একটি মদের বোতল ও মোবাইল সেট পাওয়া গেছে।”
লাশের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে জানিয়ে ওসি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
