Published : 22 Jul 2026, 07:27 PM
চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর ‘যৌক্তিক স্থানে’ স্থাপনের দাবিতে তিন ইউনিয়নে আবার হরতালের ডাক দিয়েছে ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন পরিষদ।
আগামী ২৬ জুলাই সকাল থেকে টানা ৪৮ ঘণ্টা বাগানবাজার, দাঁতমারা ও নারায়ণহাট ইউনিয়নে হরতাল এবং অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।
এর আগে একই দাবিতে একই সংগঠনের ডাকে গত ১৬ জুলাই সকাল সন্ধ্যা হরতাল পালন করা হয় ফটিকছড়ি উত্তরের তিন ইউনিয়নে।
উপজেলার দাঁতমারা ইউনিয়নে মঙ্গলবার রাতে এক সংবাদ সম্মেলনে বাগানবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান একরামুল হক বাবুল এই হরতালের ঘোষণা দেন। তিনি বলেন, “সদ্য ঘোষিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর উত্তরের মানুষের সুবিধাজনক স্থানে না করে পূর্বের ফটিকছড়ি উপজেলার কাছের পশ্চিম ভুজপুর মৌজায় স্থাপনের গেজেট প্রকাশ করা হয়েছে। এতে উপজেলার উত্তরের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে না।
“তাই দাঁতমারা ও নারায়ণহাটের মধ্যবর্তী যৌক্তিক স্থানে উপজেলা সদর দপ্তর স্থাপনের দাবিতে বাগানবাজার, দাঁতমারা ও নারায়ণহাট ইউনিয়নের আওতাধীন এলাকায় রোববার সকাল থেকে ৪৮ ঘন্টার হরতাল ও অবরোধ পালন করা হবে। কর্মসূচিতে ঢাকা-খাগড়াছড়ি ও ফটিকছড়ি হেয়াকোঁ গহিরা সড়ক অন্তর্ভূক্ত থাকবে।”
অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসসহ জরুরি সেবার যানবাহন হরতাল অবরোধ কর্মসূচির আওতার বাইরে থাকবে। দাবি আদায় না হলে এ কর্মসূচির সময় আরো বাড়বে বলেও হুঁশিয়ারি দেওয়া হয় সংবাদ সম্মেলনে।
ফটিকছড়িকে দুটি উপজেলায় ভাগ করতে স্থানীয়দের দাবি ছিল দীর্ঘদিনের। ২০২৩ সালে এ জন্য গণশুনানির আয়োজন করেছিল জেলা প্রশাসন। গণশুনানির পর তৎকালীন ইউএনও মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠান। নারায়ণহাট ও দাঁতমারার মধ্যবর্তী স্থান জুজখোলা মৌজায় উত্তর উপজেলার দপ্তর স্থাপনে সে সময় প্রস্তাব পাঠানো হয়েছিল।
তবে নবগঠিত উপজেলার সদর দপ্তরের জন্য ভূজপুরকে নির্বাচিত করা হয়েছে। এর বিরোধিতা করে আন্দোলনকারীরা বলছেন, নারায়ণহাট ও দাঁতমারা ইউনিয়নের মধ্যবর্তী স্থানে তারা উপজেলার সদর দপ্তর চান।
ফটিকছড়ির উত্তরাঞ্চলের ছয় ইউনিয়ন- বাগানবাজার, দাঁতমারা, নারায়ণহাট, ভূজপুর, হারুয়ালছড়ি ও সুয়াবিল নিয়ে সম্প্রতি গঠিত হয়েছে ফটিকছড়ি উত্তর উপজেলা।
নতুন উপজেলার গেজেট প্রকাশের পর গত ৩০ জুন সড়ক অবরোধে করে বিক্ষোভও করেছিল তিন ইউনিয়নের বাসিন্দারা।
ফটিকছড়ি উত্তর উপজেলা দপ্তর 'যৌক্তিক স্থানে' স্থাপনের দাবিতে হরতাল
প্রস্তাবিত ফটিকছড়ি উত্তর উপজেলার কার্যালয় ‘যৌক্তিক স্থানে’ স্থাপনের দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ