থার্টি ফাস্ট নাইট: চট্টগ্রামে আতশবাজি, ফানুসে বারণ
বন্ধ রাখতে হবে সব নিবন্ধিত বার, মদের দোকান।
খ্রিষ্টীয় বছরের শেষ দিনে চট্টগ্রাম নগরীতে আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস ওড়ানো নিষেধ করা হয়েছে।
বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরের ২৪ ঘণ্টা পর্যন্ত পতেঙ্গা ও পারকি সৈকতে দর্শনার্থী অবস্থানে কড়াকড়ি আরোপ করে ছয়টি নির্দেশনা দিয়েছেন সিএমপি কমিশনার হাসিব আজিজ।
চট্টগ্রাম মহানগর পুলিশ অধ্যাদেশের ২৮, ২৯ ও ৩৩ ধারার ক্ষমতাবলে এ নির্দেশনাগুলো জারি করা হয়।
সিএমপি’র নির্দেশনায় বলা হয়েছে, বছরের শেষ রাতে জন সাধারণের ব্যবহৃত স্থান, সড়ক, উন্মুক্ত স্থান ও ভবনের ছাদে কোনো ধরনের জমায়েত, নাচগান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শোভাযাত্রা করা যাবে না।
পাশাপাশি আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস ওড়ানো নিষেধ করা হয়েছে। পতেঙ্গা ও পারকি সৈকতে বুধবার সন্ধ্যা পরদিন একই সময় পর্যন্ত দর্শনার্থী অবস্থান করতে পারবে না।
এসময় সব নিবন্ধিত বার, মদের দোকান বন্ধ রাখতে হবে এবং বৈধ আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র এবং বিস্ফোরক বহনের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
