চট্টগ্রামে দুপক্ষের মারামারিতে যুবক খুন, দুজন রিমান্ডে
তদন্তে নেমে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
চট্টগ্রামে দুই শ্রমিকের মারামারির জেরে পথচারীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।
নগরীর ইপিজেড থানার আকমল আলী রোড ও খেজুরতলা এলাকা থেকে শুক্রবার রাতে তাদের গ্রেপ্তারের পর শনিবার আদালতে তোলা হয়।
ইপিজেড থানার ওসি মোহাম্মদ হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তার সাদেকুর রহমান (২৬) ও হাফিজুল ইসলামের (২৬) পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হলে শুনানি শেষে বিচারক অলি উল্লাহ এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আকমল আলী রোডের চৌরাস্তা মোড়ে বৃহস্পতিবার রাতে ছুরি হামলায় প্রাণ হারান ২৩ বছর বয়সী মেহেদী হাসান। চট্টগ্রাম ইপিজেডে মেরিমো নামে একটি কারখানায় তিনি কাজ করতেন।
ঘটনার বর্ণনায় ওসি এর আগে বলেছিলেন, ইপিজেডে 'কন্ডা মেটেরিয়ালস' নামে একটি কারখানা আছে। সেখানে পাওনা টাকা নিয়ে বৃহস্পতিবার সাদেকের সঙ্গে রমজান নামে আরেকজনের হাতাহাতি হয়। কারখানার লাইন ইনচার্জ রিফাত বিষয়টি সমাধান করে দিয়েছিলেন।
“রাতে সাদেক ও রমজান আকমল আলী রোড পকেট গেইটে পুনরায় মারামারিতে জড়ান। ওই পথ দিয়ে যাওয়ার সময় রিফাত বিষয়টি দেখে আবার থামাতে যান। তখন সাদেক তার সহকর্মী রিফাতের ওপর ক্ষুব্ধ হয়ে লোকজন জড়ো করেন এবং পরে রিফাতের ওপর হামলা চালান। একই সময়ে কাজ শেষে ওই পথ দিয়ে ফিরছিলেন মেহেদী। মেহেদীকেও তারা রিফাতের লোক মনে করে ছুরিকাঘাত করে।”
মেহেদীকে পরে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় সাদেক, রমজান এবং অজ্ঞাত আরও ১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন মেহেদীর মা। তদন্তে নেমে সাদেকের সঙ্গে হাফিজুলকেও গ্রেপ্তার করে পুলিশ।
আরও পড়ুন
