চাকসু নির্বাচন: নিরাপত্তার চাদরে ঢাকা ক্যাম্পাস
পরিচয়পত্র ছাড়া ক্যাস্পাসে কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ আর হোস্টেল সংসদের নির্বাচন ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে পুরো ক্যাম্পাস।
বিশ্বববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯টায় ক্যাম্পাসের আইটি ভবন, নতুন কলা ভবন, বিজ্ঞান, সমাজ বিজ্ঞান ও বাণিজ্য (বিবিএ) অনুষদ ভবনের ভোটকেন্দ্রগুলোতে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ২৭ হাজারের বেশি ছাত্র-ছাত্রী এ নির্বাচনে ভোটার।
সকাল থেকে পরিচয়পত্র ছাড়া ক্যাস্পাসে কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। কাটাপাহাড়, গোডাউন এবং ভিসি বাংলো এলাকায় বাঁশের বেস্টনি দিয়ে প্রবেশপথ তৈরি করা হয়েছে।
নিরাপত্তার তত্ত্বাবধানে থাকা শিক্ষকরা পরিচয়পত্র দেখে প্রবেশ করতে দিচ্ছেন শিক্ষকরা। প্রথম বর্ষের শিক্ষার্থীরা ভর্তি রশিদ দেখিয়ে প্রবেশ করছেন ক্যাম্পাসে।
ক্যাম্পাসের জিরো পয়েন্ট থেকে সব ধরনের যানবাহন আটকে দিয়ে দক্ষিণ ও উত্তর পাশে সড়ক দিয়ে পার করা হচ্ছে। দক্ষিণ ক্যাম্পাসে ভিসি বাংলো ও উত্তর ক্যাম্পাসে গোডাউন এলাকায় সব যানবাহন আটকে রাখা হয়েছে। কেন্দ্র এলাকায় কেবল অনুমোদিত গাড়ি প্রবেশ করতে দেয়া হয়েছে।
শৃঙ্খলার দায়িত্বে বিশ্ববিদ্যালয় বিএনসিসি, স্কাউট সদস্যরাও নিয়োজিত আছেন।
সকালে প্রথম ট্রেনে শহর থেকে ভোট দিতে এসেছেন তিন বন্ধু আলমগীর, এজাজুল ও আব্দুল্লাহ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তারা বলেন, তাড়াতাড়ি ভোট দিয়ে বাসায় ফিরে যাওয়ার পরিকল্পনা নিয়ে এসেছেন তারা। কারণ পরে কোন ঝামেলা হলেও তারা যাতে সমস্যায় না পড়েন।
আবদুর রব হলের ছাত্র আল মোস্তফা বলেন, “আমরা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হচ্ছি। আগের নির্বাচন হয়েছে আমাদের জন্মের আগে।
পাঁচটি ভবনের ৬০টি কক্ষে প্রায় ৭০০টি বুথে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।
আগের দিন র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বলেছিলেন, নির্বাচন ঘিরে নিরাপত্তা নিয়ে তেমন কোনো হুমকি তারা দেখছেন তারা।
ভোট শুরু হতে ৩০ মিনিট বিলম্ব
নির্ধারিত সময়ের আধা ঘণ্টা পর সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন শুরু হয়েছে।
নির্বাচন কমিশন সচিব অধ্যাপক আরিফুল হক সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখানে বিলম্ব হচ্ছে না। আমরা ৯টা থেকে ভোটের প্রক্রিয়া শুরু করেছি। পোলিং এজেন্টদের ব্যালেট বক্স দেখানো এসব শুরু হয়েছে ৯টায়।”
এর আগে সকাল ৯টা থেকে কেন্দ্রের বাইরে ভোটারদের অপেক্ষা করতে দেখা গেছে। বিলম্বের কারণে বাড়তি সময় রোদে দাঁড়িয়ে থাকতে হওয়ায় অনেকে ক্ষোভ দেখাতে শুরু করেন।
আব্দুর রব হলের ভোটার আল মোস্তফা বলেন, “প্রথম ভোট দিতে চেয়েছিলাম। কিন্তু রোদে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, আমাদের বললে হয়তো আমরা দেরি করে আসতাম।”
কেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিন
প্রতিটি কেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিন বসানো হয়েছে। সেখানে কেন্দ্রের ভেতরে ক্যামেরায় ব্যালেট প্রদান এবং ভোটারোর আঙুলে কালি লাগানো দেখা যাচ্ছে।
এবারের চাকসু নির্বাচনে আংশিক ও পূর্ণাঙ্গ মিলিয়ে ১৩টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। ভিপি পদে ২৪ এবং জিএস পদে ২২ জন ভোট করছেন।
