২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জমির বিরোধে ভাতিজার হাতে চাচা খুন

ঘটনার পরই হেলাল পালিয়ে গেছেন বলে জানান ওসি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2025, 09:51 PM

Updated : 26 Aug 2026, 05:19 PM

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় ‘জমির বিরোধে’ ভাতিজার ইটের আঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

সোমবার উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। 

নিহত আবুল কালাম (৫৫) উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় গ্রামের বাসিন্দা। যার বিরুদ্ধে অভিযোগ, সেই মোহাম্মদ হেলাল (২৮) তার বড় ভাইয়ের ছেলে। 

জোরারগঞ্জ থানার ওসি কাজী নাজমুল হক বলেন, “প্রাথমিকভাবে আমরা জেনেছি, জায়গা-জমি নিয়ে আবুল কালাম ও তার বড় ভাইয়ের পরিবারের মধ্যে বিরোধ ছিল। এ বিরোধের জেরে আবুল কালামকে ইট দিয়ে আঘাত করে হেলাল।” 

ওসি বলেন, “সকালে বাড়ির কাছে একটি দোকানের পাশে বসে ছিলেন আবুল কালাম। এসময় হেলাল পেছন থেকে গিয়ে ইট দিয়ে তার মাথায় আঘাত করেন।”

আহত কালামকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

ঘটনার পরই হেলাল পালিয়ে গেছে জানিয়ে ওসি নাজমুল হক বলেন, “তাকে ধরতে চেষ্টা চলছে”।