১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চাকসুতে ১১, হল সংসদে ৯ জনের প্রার্থিতা প্রত্যাহার

চারজনের প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল করেছে নির্বাচন কমিশন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2025, 07:08 PM

Updated : 26 Aug 2026, 02:21 PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ১১ জন ও হল সংসদে নয় জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। 

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন বুধবার চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম আরিফুল হক সিদ্দিকী এ তথ্য দিয়েছেন।

এদিন মনোনয়ন ফরম প্রাথমিক বাছাইয়ে বাদ পড়াদের আপিল শুনানিও হয়েছে। আপিলে প্রাথমিক বাছাইয়ে বাদ পড়া ১৯ জনের মধ্যে ১৫ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন এবং চারজনের প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে আরিফুল হক সিদ্দিকী জানিয়েছেন।

দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া চাকসু নির্বাচনে লড়তে ৫২৯ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। এর মধ্যে জমা দিয়েছিলেন ৪২৯ জন। প্রাথমিক বাছাই শেষে সোমবার চাকসুর ওয়েব সাইটে ৪১০ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করে খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।

চাকসু নির্বাচন কমিশন থেকে বলা হয়, বুধবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে চাকসু ভিপি, এজিএস, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক, গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক, সহ খেলাধুলা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক এবং সহ সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে একজন করে প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

এ ছাড়া যোগাযোগ ও আবাসন সম্পাদক এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের পদ থেকে দুইজন করে প্রার্থিতা প্রত্যাহার করেছেন। 

এদিকে হল ও হোস্টেল সংসদ নির্বাচনে বিভিন্ন হল থেকে প্রার্থিতা প্রত্যাহারকারীদের মধ্যে রয়েছেন শিল্পী আবদুর রশিদ চৌধুরী হোস্টেলে এজিএস, অতীশ দীপঙ্কর হলে নির্বাহী সদস্য, বিজয়-২৪ হলে স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলে সমাজসেবা পরিবেশ ও মানবাধিকার বিষয়ক সম্পাদক, শহীদ ফরহাদ হোসেন হলে ভিপি এবং সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, শাহজালাল হলে এজিএস এবং বিজ্ঞান, গবেষণা ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে একজন করে প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

তফসিল অনুযায়ী, ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর ভোটগ্রহণ হবে ১৫ অক্টোবর।

সরকার দলীয় ছাত্র সংগঠন বিহীন এ নির্বাচনে ছাত্রদল একক এবং ইসলামী ছাত্রশিবির ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ নামে প্যানেল দিয়েছে।

‘দ্রোহ পর্ষদ’ নামে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ‘সচেতন শিক্ষার্থী সংসদ’ নামে ইসলামী ছাত্র আন্দোলন, বিভিন্ন বাম ছাত্র সংগঠন ও পাহাড়ি ছাত্র পরিষদ সম্মিলিত ভাবে ‘বৈচিত্র্যের ঐক্যসহ’ ক্যাম্পাসের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো ১২টি প্যানেল ঘোষণা করেছে।

আরও পড়ুন-

চাকসুর সংরক্ষিত দুই পদে লড়তে চান ২৩ ছাত্রী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হল সংসদে ২২ প্রার্থীর প্রতিদ্বন্দ্বী নেই