চট্টগ্রামের আকাশে সূর্য নেই ৩ দিন
আবহাওয়ার এমন পরিস্থিতি আরও তিন দিন থাকতে পারে বলে জানিয়েছেন পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী।
শীতের দাপটে কাহিল চট্টগ্রাম; তিন দিন ধরে সূর্যের দেখাও মিলছে না।
শনিবার বেলা ১২টা পর্যন্ত কুয়াশায় ঢাকা ছিল বন্দর নগরী। এতে নগর জীবনে চাঞ্চল্য কমে গেছে। সড়কে গাড়ি চলাচলও কম।
নগরীর লালখান বাজার, মুরাদপুর, আগ্রাবাদ, নিমতলা ও পতেঙ্গা এলাকায় ঘুরে দেখা গেছে সড়কে যানবাহনের সংখ্যা হাতে গোনা। বেশিরভাগ দোকানপাট খোলেনি। অল্প কিছু দোকান খুললেও ক্রেতা নেই।
নগরীর বিমান বন্দর সড়ক, টানেল রোড, এলিভিটেড এক্সপ্রেসওয়েতেও যানবাহনের সংখ্যা কম।
পতেঙ্গা সৈকতের বিক্রেতা ওহিদুল আলম বলেন, অন্য সময় শুক্র-শনিবার অনেক লোক থাকে। আজকে এখনো তেমন লোকজন নেই। তাই বেচাবিক্রিও নেই।
শুক্রবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ রকম আবহাওয়া আরো তিন দিন থাকবে। আকাশ থাকবে মেঘলা ও কুয়াশাচ্ছন্ন। তাপমাত্রা ১৬ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। মঙ্গলবার থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে।”
শনিবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে৷ এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এ কারণে অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
পাশাপাশি মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
এ অবস্থা সোমবার পর্যন্ত চলতে পারে বলে অধিদপ্তরের পূর্বাভাস বার্তায় বলা হয়েছে।
