দুই ট্রাক চালকের 'হাতাহাতিতে' ছুরিকাঘাতে একজন খুন
জেটিতে কে আগে প্রবেশ করবে সেই সিরিয়াল পাওয়া নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি থেকে হাতাহাতি হয়।
চট্টগ্রামে দুই ট্রাক চালকের কথা কাটাকাটির জেরে এক চালকের ছুরিকাঘাতে আরেকজন খুন হয়েছেন বলে পুলিশ জানিয়েছেন।
নগরীর সদরঘাট জেটি গেইটের সামনে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত ট্রাক চালককে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন সদরঘাট থানার ওসি মো. আবদুর রহিম।
নিহত ট্রাক চালকের নাম সজীব চন্দ্র নাথ (৩০), তার বাড়ি চট্টগ্রামের মীরসরাই উপজেলায়; গ্রেপ্তার চালক ইউসুফ হোসেন বিজয়ের (২৪) বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।
ওসি মো. আবদুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি প্রতিষ্ঠানের আমদানি করা স্ক্র্যাপ (পরিত্যক্ত লোহা) বহনের জন্য দুটি আলাদা ট্রাক নিয়ে জেটি গেইটের সামনে অপেক্ষায় ছিলেন সজীব ও ইউসুফ। এসময় জেটিতে কে আগে প্রবেশ করবে সেই সিরিয়াল পাওয়া নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতি শুরু হয়।
"বিজয় সময় সজীবকে বুকে ছুরিকাঘাত করে।"
ওসি বলেন, ঘটনার পর অন্যান্য চালকরা সজীবকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ ইউসুফকে আটক করেছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
তিনি বলেন, এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে এব ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
