১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে ভোট দিতে গিয়ে ‘হৃদরোগে’ ভোটারের মৃত্যু

“ভোটকক্ষে প্রবেশের আগে তিনি দাঁড়ানো অবস্থা থেকে পড়ে যান,” বলেন মনু মিয়ার ছেলে শাকিল।

বিডিনিউজ২৪

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2026, 02:28 PM

Updated : 26 Aug 2026, 02:56 PM

চট্টগ্রামে ভোট দিতে গিয়ে ‘হৃদরোগে আক্রান্ত হয়ে’ এক ভোটারের মৃত্যু হয়েছে। 

মারা যাওয়া ব্যক্তির নাম মো. মনু মিয়া (৬২)। তিনি একটি প্রতিষ্ঠানে নিরাপত্তাকর্মীর কাজ করতেন।

তার দুই ছেলে ও দুই মেয়ে। নগরের ব্যাটারিগলির মধুবন গলিতে তার বাড়ি। 

বৃহস্পতিবার সকাল ৭টা ৩৫ মিনিটে চট্টগ্রাম মহানগরীর কাজীর দেউড়ি বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

এটি চট্টগ্রাম-৯ (কোতয়ালী-বাকলিয়া) আসনের একটি কেন্দ্র।

মনু মিয়ার বড় ছেলে শাকিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  “বাবা সকালে ভোট দিতে কাজীর দেউরি বালক স্কুলে যান। তিনি ভোট দেয়ার জন্য লাইনেও দাঁড়ান।

“কিন্তু ভোট কক্ষে প্রবেশের আগে তিনি দাঁড়ানো অবস্থা থেকে পড়ে যান। তাকে দ্রুত বেসরকারি ন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাকিল বলেন, চিকিৎসকেরা বলেছেন হৃদরোগে তার বাবার মৃত্যু হয়েছে।

ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ফারুক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই ব্যক্তি ভোট দিতে এসে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।