রেজিস্ট্যান্স উইক: চট্টগ্রামে নিহতদের স্মরণ করলেন আন্দোলনকারীরা
ষোলশহর থেকে মিছিল নিয়ে মুরাদপুর ও বহদ্দারহাট মোড়ে গিয়ে আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন তারা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘রেজিস্ট্যান্স উইকে’ রোডমার্চ করে চট্টগ্রামে নিহতদের স্মরণ করেছেন আন্দোলনকারীরা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকালে নগরীর ষোলশহর থেকে মিছিল নিয়ে মুরাদপুর ও বহদ্দারহাট মোড়ে গিয়ে আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন তারা।
এর আগে বিকালে ষোলশহর স্টেশনে জড়ো হতে থাকেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের আন্দোলনে ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সঙ্গে কোটা আন্দোলনকারীদের সংঘাতের পর পরিস্থিতি পাল্টে যায়। পরদিন ১৬ জুলাই চট্টগ্রামের মুরাদপুর এলাকায় পুলিশ-ছাত্রলীগ ও কোটা সংস্কার চেয়ে আন্দোলনকারীদের সংঘর্ষে এক ছাত্রদল নেতাসহ তিন জনের মৃত্যু হয়।
এর প্রতিক্রিয়ায় ১৮ জুলাই সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা হয়, সেদিন মাঠে নামে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও স্কুল কলেজের শিক্ষার্থীরাও। গোটা দেশে নানা গুজব ছড়িয়ে পড়ে, এর মধ্যে বিভিন্ন এলাকায় রাষ্ট্রীয় সম্পদে হামলা শুরু হয়। প্রাণহানির সংখ্যাও বাড়তে থাকে।
ওই দিন চট্টগ্রাম নগরীতেও মৃত্যুর ঘটনা ঘটে। বহদ্দারহাট এলাকায় পুলিশের সাথে সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। ঘটনার দিন দুই জন এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ তিন জনের মৃত্যু হয়।
চিকিৎসাধীন এক বাস শ্রমিকসহ সবমিলিয়ে আন্দোলনে চট্টগ্রামে মোট সাত জনের মৃত্যুর খবর আসে।
মঙ্গলবার চট্টগ্রামের মিছিলের নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি।
আন্দোলনে নিহতদের ওপর হামলাকারীদের বিচার করতে ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান সমন্বয়ক রাফি।
সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দিরে হামলার চেষ্টাকারীদের প্রতিরোধের ঘোষণা দিয়ে তিনি বলেন, “দেশে সকল ধর্মের লোক বাস করে। আমাদের আন্দোলনে হিন্দু, মুসলিমসহ সব সম্প্রদায়ের বন্ধুরা এসেছিল। আমাদের পরিচয় একটা, আমরা মানুষ। এখানে কোনো সংখ্যালঘু থাকবে না।”
নিজ নিজ অবস্থান থেকে আশপাশের মন্দির উপসনালয়ের নিরাপত্তায় সকলকে ঢাল হয়ে দাঁড়ানোর জন্য আন্দোলনকারীদের আহ্বান জানান তিনি।
এদিকে আন্দোলনের সমন্বয়কদের নামে কেউ চাঁদাবাজির চেষ্টা করলেও তাদের প্রতিহত করতে জনসাধারণের কাছে আহ্বান জানান রাফি।
