২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গুলিতে যুবক হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা অপু স্বীকার করেছে বলে পুলিশের ভাষ্য।

চট্টগ্রামে গুলিতে যুবক হত্যার ঘটনায় গ্রেপ্তার ২
তাহসিন

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2024, 01:05 PM

Updated : 26 Aug 2026, 10:47 AM

চট্টগ্রামে প্রকাশ্যে গুলি করে তাহসিন নামের এক যুবককে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাউজান উপজেলা ও নগরীর পাঁচলাইশ এলাকায় শুক্রবার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ২৫ বছর বয়সী হেলাল ও ২৭ বছর বয়সী ইলিয়াছ হোসেন অপুর মধ্যে হেলাল এজাহারভুক্ত আসামি।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনান (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার রাউজান উপজেলা থেকে হেলালকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে নগরীর পাঁচলাইশ থানার হামদু মাঝি পাড়া থেকে অপুকে ধরা হয়। 

অপু মামলার তদন্তপ্রাপ্ত আসামি জানিয়ে তিনি বলেন, “সে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিল বলে স্বীকার করেছে।”

গত ২১ অক্টোবর বিকালে চান্দগাঁও থানার অদুরপাড়া এলাকায় গুলি করে খুন করা হয় তাহসিনকে। হত্যাকাণ্ডের পর পুলিশ জানিয়েছিল, সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও সরোয়ার হোসেন বাবলার অনুসারীদের বিরোধে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পরদিন রাতে নিহতের বাবা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাজ্জাদ ওরফে ছোট সাজ্জাদকে প্রধান আসামি করে পাঁচ জনের নাম উল্লেখ করে চান্দগাঁও থানায় মামলা করেন।

এজাহারে বলা হয়, বালি-সিমেন্টের ব্যবসা করতেন তাহসিন। ঘটনার দিন ব্যবসায়িক কাজে অদুর পাড়া গিয়েছিলেন। এসময় একটি দোকানে বসে চা পানের সময় কালো রংয়ের একটি নোহা গাড়িতে করে এসে আসামিরা তাহসিনকে কয়েকটি গুলি করে। হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

গত মঙ্গলবার রাতে পুলিশ পাঁচলাইশ এলাকা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়।

গুলিতে যুবককে হত্যা: ৫ জনের বিরুদ্ধে মামলা, ব্যবহৃত গাড়ি জব্দ