২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম-৯: কাজীর দেউরি থেকে প্রচার শুরু বিএনপির, আন্দরকিল্লায় জামায়াতের

“এই ভোট আমরা ধানের শীষে দিব; জিয়াউর রহমানের মার্কায় দিব; বেগম খালেদা জিয়ার মার্কায় দিব,” বলেন  মীর মোহাম্মদ নাছির উদ্দিন।

চট্টগ্রাম-৯: কাজীর দেউরি থেকে প্রচার শুরু বিএনপির, আন্দরকিল্লায় জামায়াতের
চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ানের নির্বাচনি সমাবেশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2026, 11:54 PM

Updated : 26 Aug 2026, 05:37 PM

আগামী নির্বাচন বাংলাদেশকে টিকিয়ে রাখা এবং গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন। 

বৃহস্পতিবার বিকালে নগরীর কাজীর দেউরি নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের মাঠে চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ানের নির্বাচনি সমাবেশে তিনি এ মন্তব্য করেন। 

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, “আগামী নির্বাচন বাংলাদেশকে টিকিয়ে রাখার নির্বাচন। আগামী নির্বাচন গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন। নির্বাচনকে নির্বাসনে পাঠিয়ে মানুষের সকল গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছিল। তাই নির্বাচন ঘিরে মানুষের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। 

“১২ফেব্রুয়ারি উৎসাহ উদ্দীপনা নিয়ে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এই ভোট আমরা ধানের শীষে দিব। জিয়াউর রহমানের মার্কায় দিব। বেগম খালেদা জিয়ার মার্কায় দিব। তারেক রহমানের মার্কায় দিব। বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই। তিনি চট্টগ্রামের জন্য কী করেছেন তা আপনারা সকলে অবগত আছেন। জিয়াউর রহমান চট্টগ্রাম থেকে স্বাধীনতা ঘোষণা করেছেন।”

আবু সুফিয়ান একজন ‘পরীক্ষিত ও সংগ্রামী নেতা’ উল্লেখ করে মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, “তিনি নির্বাচিত হলে অত্র এলাকার উন্নয়নে ও আপনাদের সেবায় সবসময় পাশে পাবেন। চট্টগ্রাম-৯ রাজধানীর মর্যাদাসম্পন্ন একটি আসন। এই আসনের ভোটারণদেরকেও আমরা রাজধানীর ভোটারদের ন্যায় মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা যারা এই আসনের ভোটার তারা রাজধানীর ভোটারদের মর্যাদায় সকল সুযোগ-সুবিধা পাবেন। 

“তাই আপনাদের কাছে আমার অনুরোধ, নির্বাচনের দিন আপনারা সকাল সকালে ভোট দিয়ে ভোটকেন্দ্র পাহারা দিবেন, যেন অতীতের ন্যায় আর কেউ আপনাদের মূল্যবান ভোট ছিনিয়ে নিতে না পারে।”

আবু সুফিয়ান বলেন, “আগামী নির্বাচন গণতন্ত্রের পথে উত্তরণে একটি মাইলফলক। গণতন্ত্রকে পুনঃরুদ্ধার করে জনগণের কাঙ্খিত সরকার প্রতিষ্ঠা করতে আমরা ভোটযুদ্ধে নেমেছি। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার আমরা ফিরিয়ে দিব।” 

চট্টগ্রাম-৯ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী এ কে এম ফজলুল হকের নির্বাচনি সমাবেশ।

চট্টগ্রাম-৯ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী এ কে এম ফজলুল হকের নির্বাচনি সমাবেশ।

এদিকে ‘শান্তিপূর্ণ ও নিরপেক্ষ’ নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি আহ্বান জানিয়ে নির্বাচনি প্রচার শুরু করেন চট্টগ্রাম-৯ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী এ কে এম ফজলুল হক। 

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেটে তার নির্বাচনি প্রচার কার্যক্রম উদ্বোধন হয়। 

ফজলুল হক বলেন, “একটি উন্নত শোষণমুক্ত শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত ৫৪ বছরে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে ধ্বংস করা হয়েছে। যেভাবে দেশের অর্থ লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে, আমরা সেই বাংলাদেশকে বদলে দিতে চাই। একটি আধুনিক উন্নত কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করতে চাই।”

‘উন্নয়নের জন্য দাঁড়িপাল্লার বিকল্প নেই’

চট্টগ্রাম–১০ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী শামসুজ্জামান হেলালীর সমর্থনে আনুষ্ঠানিক প্রচার শুরু হয় বৃহস্পতিবার সকালে; শুলকবহর আরকান সোসাইটি থেকে। 

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, “চট্টগ্রাম–১০ আসনের কাঙ্খিত ও টেকসই উন্নয়নের জন্য দাঁড়িপাল্লা প্রতীকের কোনো বিকল্প নেই। দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ অবহেলিত। সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।

“জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত প্রশাসন, ন্যায়বিচারভিত্তিক সমাজ ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে।”