১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হাটহাজারীতে গাড়ি আটকে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় আরও একজন গ্রেপ্তার

এ নিয়ে হাকিম হত্যা মামলায় সাতজনকে গ্রেপ্তারের তথ্য দিল পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2025, 10:51 PM

Updated : 26 Aug 2026, 05:08 PM

চট্টগ্রামে গাড়ি থামিয়ে ব্যবসায়ী ও বিএনপি কর্মী আবদুল হাকিম হত্যা মামলায় আরও একজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।

সোমবার ভোররাতে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পালোয়ান পাড়ায় অভিযান চালিয়ে শাহ আলম নামে ৪০ বছর বয়সী এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

এ নিয়ে হাকিম হত্যা মামলায় সাতজনকে গ্রেপ্তারের তথ্য দিল পুলিশ।

এছাড়া হাটহাজারী ও রাঙ্গুনিয়া উপজেলা থেকে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) রাসেল সাংবাদিকদের বলেন, ভোরে পালোয়ান পাড়া এলাকায় শাহ আলমকে ধরতে অভিযানে যায় রাউজান থানা পুলিশ। পুলিশ দেখে পালানোর সময় তিনি তার হেফাজতে থাকা একটি বিদেশি পিস্তল পুকুরে ফেলে দেন।

শাহ আলমকে গ্রেপ্তারের পর পুলিশ তার ঘর থেকে চারটি দেশি এলজি, দুইটি কার্তুজ ও একটি কাতুর্জের খোসা উদ্ধার করেছে।

পুলিশ কর্মকর্তা রাসেল বলেন, সকালে পুকুর সেচে সেখান থেকে শাহ আলমের ফেলে দেওয়া বিদেশি পিস্তলটি পাঁচ রাউন্ড গুলি ও ম্যাগাজিনসহ উদ্ধার করা হয়।

গত ৭ অক্টোবর সন্ধ্যার কিছু আগে হাটহাজারী উপজেলার মদুনাঘাট ব্রিজের কাছে একদল লোক প্রাইভেট কার আটকে রাউজানের ব্যবসায়ী আবদুল হাকিমকে গুলি করে হত্যা করে। হাকিম রাউজানের হামিম অ্যাগ্রো ফার্মের মালিক এবং স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

এই ঘটনায় এর আগে দুই দফায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, আবদুল হাকিম হত্যা মামলায় শাহ আলম জড়িত ছিলেন বলে আগে গ্রেপ্তার হওয়ারা পুলিশের জিজ্ঞাসাবাদে এবং আদালতে দেওয়া জবানবন্দিতে বলেছেন।

শাহ আলমের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণসহ মোট নয়টি মামলার তথ্য দিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

এদিকে হাটহাজারী থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার ফতেহপুর এলাকা থেকে মো. হানিফ নামে এক  যুবলীগকর্মীকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার রাসেল বলেছেন, রোববার রাতে ফতেপুর এলাকা থেকে হানিফকে গ্রেপ্তার করা হয়।

এই আসামির বিরুদ্ধে ১৬টি মামলার তথ্য দিয়ে তিনি বলেন, জিজ্ঞাসাবাদে হানিফ বর্তমান পরিস্থিতিতে গ্রামীণ ব্যাংকসহ বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনার কথা স্বীকার করেছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ আশেপাশের এলাকায় গ্রেপ্তার হানিফ যুবলীগ নেতা হিসেবে পরিচিত। মাস কয়েক আগে স্থানীয় গ্রামবাসীর সাথে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা মামলায়ও হানিফকে আসামি করা হয়।

এছাড়া রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নের মৌলভী খিল তিন রাস্তার মোড়ে চেকপোস্ট করে গোয়েন্দা পুলিশ হুমায়ুন উদ্দিন ওরফে লেদাইয়া নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পরে রাউজানে তার বাড়িতে অভিযান চালিয়ে ঝোপের ভেতর থেকে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধারের তথ্য দিয়েছে পুলিশ।

আগের খবর:

'ভাড়াটে খুনিদিয়ে রাউজানে ব্যবসায়ীকে হত্যাবলছে পুলিশ

চট্টগ্রামে গাড়ি আটকে ব্যবসায়ীকে গুলি করে হত্যা