Published : 12 Nov 2025, 12:28 AM
চট্টগ্রামে কয়েকটি ‘টার্গেট কিলিংয়ের’ পর দিশেহারা নগর পুলিশের কশিশনার হাসিব আজিজ অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলি করে হত্যার নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার দুপুরে বেতার বার্তার মাধ্যমে এ নির্দশেনা দেন সিএমপি কমিশনার।
গেল আট মাসে চট্টগ্রাম নগরী ও জেলায় নিশানা করে হত্যার অন্তত চারটি ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকজন গ্রেপ্তার হলেও মূল অপরাধীরা ধরা ছোঁয়ার বাইরে।
নির্দেশনার বিষয়ে রাতে সিএমপি কমিশনার হাসিব আজিজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এর সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা অস্ত্রধারী সন্ত্রাসীদের জন্য। এটাকে ‘ব্রাশ ফায়ার’ বলে না, এটা ‘বার্স্ট ফায়ার’… একসাথে ৩০টা গুলি ছোটে।”
সিএমপি কমিশনার বলেন, “চট্টগ্রাম মহানগরীসহ দেশের বিভিন্ন স্থানে যেভাবে টার্গট কিলিং শুরু হয়েছে… চট্টগ্রাম মহানগরীকে আমরা অস্ত্রধারী সন্ত্রাসীদের নিরাপদ অভয়ারণ্য হতে দিতে পারি না।
“এর জন্য যা যা করতে হয়, একেবারে শেষ সীমা পর্যন্ত যেত আমরা প্র্স্তুত। এর বাইরে যেতে হলে তাও যাব।”
৫ নভেম্বর সন্ধ্যায় নগরীর বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী খোন্দকীয়া পাড়ায় চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর জনসংযোগের সময় গুলিতে নিহত হন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলা। আহত হন এরশাদ উল্লাহসহ চারজন।
পুলিশ বলেছে, সেখানে সরোয়ারকে নিশানা করে খুন করা হয়েছে।
তার আগে মার্চ মাসে বাকলিয়া একসেস রোড এলাকায় প্রাইভেট কার থামিয়ে গুলি করে দুইজনকে খুন করা হয়। সেখানেও সরোয়ার নিশানায় ছিলেন।
পরে মে মাস পতেঙ্গা সৈকতে গুলি করে খুন করা হয় তালিকাভুক্ত সন্ত্রাসী ‘ঢাকাইয়া’ আকবরকে।
এদিকে গেল ৭ অক্টোবর সন্ধ্যার কিছু আগে হাটহাজারীর মদুনাঘাট ব্রিজের কাছে একদল লোক প্রাইভেট কার আটকে রাউজানের ব্যবসায়ী আবদুল হাকিমকে গুলি করে হত্যা করে।
হাকিম রাউজানের হামিম অ্যাগ্রো ফার্মের মালিক এবং স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
সিএমপি কমিশনার বলেন, “প্রত্যেক সুনাগরিক, আইন মান্যকারী নাগরিক যাতে শঙ্কাহীন পরিবেশে, ভীতিহীন পরিবেশে সম্পূর্ণ নিরাপত্তার সঙ্গে জীবনযাপন ও জীবিকা নির্বাহ করতে পারে, শান্তিতে ঘুমাতে পারে, আমরা এরকম একটা পরিবেশ নিশ্চিত করব।
“এর জন্য যা যা করণীয় এমনকি সীমার বাইরে যেতে হলে তাও যাব।”
গেল অগাস্টেও সিএমপি কমিশনারের এ ধরনের একটি বেতার বার্তা ছড়িয়ে পড়েছিল, যেখানে টহল দলের সামনে কেউ অস্ত্র বের করলে আত্মরক্ষায় গুলির নির্দেশ ছিল।
আরও পড়ুন:
সিএমপি কমিশনারের বেতার বার্তা 'ফাঁস': পুলিশ সদস্য রিমান্ডে
সিএমপির কেউ রাজনৈতিক স্বার্থে কাজ করবে না: কমিশনার হাসিব আজিজ