চাকসু নির্বাচন: ৫২৮ জন কেন্দ্রীয় ও ১১৬২ জন হল সংসদে আগ্রহী
মনোনয়নপত্র সংগ্রহ ও বিতরণের সময় বাড়ানোর পর নতুন করে অনেকে ফরম নিয়েছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের বর্ধিত দিন বুধবার ফরম নিয়েছেন আরও ৩৯ জন। এ নিয়ে মোট ৫২৮ জন কেন্দ্রীয় সংসদের নির্বাচনের মনোনয়ন ফরম তুলেছেন।
শেষ দিনে হল সংসদ নির্বাচনেও আরও ৩৪ জন মনোনয়ন ফরম নিয়েছেন। ফলে হল সংসদে প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহীদের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৬২ জনে।
চাকসু ও হল সংসদ নির্বাচনের কমিশনের সদস্য সচিব অধ্যাপক আরিফুল হক সিদ্দিকী বুধবার এ তথ্য দিয়েছেন।
চাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন ছিল মঙ্গলবার। অপরদিকে জমাদানের শেষ সময় ছিল বুধবার। কিন্তু বুধবার সকালে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান মনোনয়ন ফরম সংগ্রহ ও বিতরণের জন্য দুদিন সময় বাড়ানোর আবেদন করেন। পরে নির্বাচন কমিশন জরুরি বৈঠক ডেকে ফরম সংগ্রহ ও জমার সময় একদিন করে বাড়ানোর সিদ্ধান্ত নেয়।
নির্বাচন কমিশন বুধবার বিকাল পর্যন্ত মনোনয়ন ফরম গ্রহণ এবং বৃহস্পতিবার বিকাল পর্যন্ত জমাদানের শেষ সময় নির্ধারণ করে।
বুধবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক আরিফুল হক সিদ্দিকী বলেন, শেষ দিন পর্যন্ত ছাত্র হলের মধ্যে এএফ রহমান হলে ৪২, আলাওল হলে ৪১, অতীশ দীপঙ্কর হলে ৫৩, শাহ আমানত হলে ৫০, শহীদ আবদুর রব হলে ৩৮, শহীদ ফরহাদ হোসাইন হলে ৬১, শাহজালাল হলে ৪৫, সোহরাওয়ার্দী হলে ৮৩, মাস্টার দা সূর্য সেন হল সংসদ নির্বাচনের জন্য ৪১ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ ছাড়া বিজয়-২৪ হলে ৪০ জন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলে ৩৭, নওয়াব ফয়েজুন্নেসা হলে ১৫, প্রীতিলতা হলে ৩৭, শামসুন নাহার হলে ২৫ এবং শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলে ২৬ জন মনোনয় ফরম সংগ্রহ করেন।
অপরদিকে চাকসুতে মনোনয়ন ফরম সংগ্রহকারীদের মধ্যে ১২৫ জন ও হল সংসদের ২৪৬ জন ফরম জমা দিয়েছেন।
এএফ রহমান হলে ১৩, আলাওল হলে ৪, অতীশ দীপঙ্কর হলে ২১, শাহ আমানত হলে ২৭, শহীদ আবদুর রব হলে ২৩, শহীদ ফরহাদ হোসাইন হলে ৬, শাহজালাল হলে ২৬, সোহরাওয়ার্দী হলে ১৫, মাস্টার দা সূর্য্য সেন হল সংসদ নির্বাচনের জন্য ১৫ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
এ ছাড়া বিজয়-২৪ হলে ১৭ জন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলে ২৪, নওয়াব ফয়েজুন্নেসা হলে ১৫, প্রীতিলতা হলে ২৫, শামসুন নাহার হলে ৯ এবং শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলে ৬ জন মনোনয় ফরম জমা দিয়েছেন।
আরও পড়ুন-
