Published : 27 Feb 2026, 02:24 PM
চট্টগ্রামে জাল বিদেশি মুদ্রাসহ এক যুবককে গ্রেপ্তারের তথ্য দিয়েছে র্যাব।
বৃহস্পতিবার নগরীর বায়েজিদ থানার অক্সিজেন পাঠানপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ৪০ বছর বয়সি সোহেল চৌধুরীর বাড়ি ফটিকছড়ি উপজেলায়।
র্যাব-৭ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার অক্সিজেন পাঠানপাড়ার আহমদিয়া হাউজিং সোসাইটির জাহানারা ভবনের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে জাল রুপি, ডলার ও দিরহামসহ সোহেলকে গ্রেপ্তার করা হয়।
“এসময় তার কাছে থাকা ৭৪ হাজার ৫০০ নকল ভারতীয় রুপি, সংযুক্ত আরব আমিরাত নকল ১০০ দিরহাম ও এক হাজার ৭০০ নকল ইউএস ডলার জব্দ করা হয়।”
অভিযানের নেতৃত্বে থাকা র্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার তাওহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্রেপ্তার সোহেলের সঙ্গে আরও কয়েকজন জড়িত। মূলত তারা একটি সিন্ডিকেট। সে সিন্ডিকেটের অন্য সদস্যদের কাছ থেকে নকল বিদেশি মুদ্রাগুলো সংগ্রহ করে। পরে সেগুলো বিভিন্ন জনের কাছে বিক্রি করে।”
এ চক্রের অন্য সদস্যদের বিষয়ে তথ্য সংগ্রহ এবং তাদের ধরতে র্যাব কাজ করছে বলে জানান তিনি।