স্কুলের নিচতলা আছে ডুবে, ক্লাস তিনতলার বারান্দায়
বেঞ্চের ওপর দিয়ে শিক্ষার্থীরা সারিবদ্ধ ভাবে প্রবেশ করে স্কুলে।
চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের নিচতলা দুই মাস ধরে ডুবে থাকলেও কারও ভ্রূক্ষেপ নেই।
স্কুলের সামনে সড়ক ও ড্রেন নির্মাণের কারণে বর্ষার শুরুতে ডুবে যায় শিক্ষালয়টির নিচতলা। এরপর দীর্ঘদিন পান্দিবন্দি থাকায় নিচতলার পঞ্চম শ্রেণির ক্লাস চলছে ভবনের তৃতীয় তলার বারান্দায়।
পানিবন্দি হয়ে থাকা পশ্চিম বাকলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবস্থান নগরীর কে বি আমান আলী সড়কের পাশে।
বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা জানান, আগে বর্ষায় স্কুলটিতে পানি উঠত। কিন্তু বৃষ্টি কমে গেলে সেই পানি নেমে যেত। কিন্তু গত কয়েক মাস ধরে স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
স্কুলের প্রধান শিক্ষক সমীত সেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার স্কুলের শিক্ষার্থী সংখ্যা ৫৪৯ জন; পাঠদান চলে দুই শিফটে। নিচতলায় যে শ্রেণিকক্ষ পানিতে ডুবে আছে, সেটিতে পঞ্চম শ্রেণির ক্লাস হতো। এখন পানির কারণে তৃতীয় তলার বারান্দায় চলে শিক্ষার্থীদের পাঠদান।
তিনি বলেন, “গত জুন মাসে স্কুলের সামনে সড়ক ও ড্রেন নির্মাণের কাজ শুরু হয়েছে। মূলত তখন থেকেই স্কুল ভবনের নিচতলা পানিতে ডুবে যায়।”
প্রধান শিক্ষক জানান, পাম্প বসিয়ে জমে থাকা পানি নিষ্কাশন করা হলেও গত সোমবার থেকে পানি বেড়েছে। নিষ্কাষণ করলেও ফের পানি জমে যাচ্ছে।
বৃহস্পতিবার স্কুলটিতে গিয়ে দেখা যায়, নিচতলার দুটি শ্রেণিকক্ষ ও বাথরুম পানিতে ডুবে আছে। শিক্ষার্থীদের স্কুলে প্রবেশের জন্য পানিতে বেঞ্চ দেওয়া হয়েছে। সেগুলোর ওপর দিয়ে শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে স্কুলে প্রবেশ করছে।
স্কুল ভবনের পেছনে রয়েছে একতলা পর্যন্ত নির্মাণ হওয়া একটি ভবন। সেটির নিচতলাও বুক সমান পানিতে তলিয়ে আছে।
সেই ভবনের নিচতলায় জমে থাকা পানিই স্কুলে প্রবেশ করছে জানিয়ে প্রধান শিক্ষক সমীত সেন বলেন, ভবনটির নিচতলা অনেক দিন ধরে পানিতে ডুবে আছে। জমে থাকা পানির কারণে স্কুলের সীমানা প্রাচীরেও ফাটল হয়েছে।
স্কুলের বাইরে নতুন নির্মাণ করা ড্রেনে পানি টানছে না জানিয়ে তিনি বলেন, বৃষ্টিতে বালু ও ময়লা জমে ড্রেনগুলোতে পানি চলাচল বন্ধ হয়ে গেছে। কয়েক মাস আগে স্কুলের টাকায় নির্মাণাধীন ড্রেনগুলোর বালি পরিষ্কার করা হলে পানি চলাচল স্বাভাবিক হয়। কিন্তু চলতি বর্ষার শুরুতে ভারি বৃষ্টিতে আবার ড্রেনগুলো বালিতে ভরে গেছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (অঞ্চল-২) মাহমুদ শাফকাত আমীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সেখানে সিডিএর প্রকল্পের অধীনে কাজ চলছে। উনারা একটা বিকল্প ড্রেনেজ সিস্টেম করে দিলে পানি নেমে যাবে।
“প্রকল্পটি আমাদের অধীনে নয়। স্কুলটিও আমাদের সিটি করপোরেশনের নয়। তার পরও শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে আমরা দেখব- কী করা যায়।”
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে জলাবদ্ধতা নিরসনে চলমান মেগা প্রকল্পের পূর্ত কাজ পরিচালনা করছে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কন্সট্রাকশন ব্রিগেড।
এর প্রকল্প পরিচালক লেফট্যানেন্ট কর্নেল ফেরদৌস আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা খোঁজ নিয়ে দেখব সেখানে কী কারণে পানি জমে আছে। তারপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
