১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

পরপর দুই রাতে একই কৌশল, চায়ের দোকানে ধরা জাল নোটের কারবারি

এক চা দোকানী স্থানীয়দের সহায়তায় তাদের আটকে পুলিশের হাতে তুলে দেয়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2023, 06:23 PM

Updated : 07 Dec 2023, 06:23 PM

চট্টগ্রামে চা-সিগারেট খেয়ে দোকানীকে জাল নোট দিয়ে ধরা পড়েছে দুই জাল নোটের কারবারি।

পুলিশে সোপর্দ করার পর তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে আরও দুই লাখ ৭৯ হাজার টাকার জাল নোট।

নগরীর বন্দর থানার নিমতলা খালপাড় ব্রিজ এলাকায় বুধবার রাতে এক চা দোকানী স্থানীয়দের সহায়তায় তাদের আটকে পুলিশের হাতে তুলে দেয়।

গ্রেপ্তার দুজন হলেন- মো. শাকিব (২০) ও অন্তর বিশ্বাস (২২)। তাদের মধ্যে শাকিব নগরীর একটি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

বন্দর থানার ওসি সঞ্জয় কুমার সিনহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিমতলা খাল পাড় এলাকায় বুধবার রাতে শাকিব ও অন্তর চা- সিগারেট খেয়ে বিল পরিশোধের জন্য দোকানীকে এক হাজার টাকার নোট দেন। দোকানীর সন্দেহ হলে নোটটি আশপাশের লোকজনকে দেখান।

“জালনোট বুঝতে পেরে স্থানীয়রা তাদের আটকে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পকেট তল্লাশি করে শাকিবের কাছে ১৩টি এবং অন্তরের কাছে পাঁচটি ৫০০ টাকার জাল নোট পায়।”

ওসি সঞ্জয় সিনহা বলেন, মঙ্গলবার রাতেও শাকিব ও দোকানে গিয়ে চা-সিগারেট খেয়ে ১০০টাকা বিল হয়। তখন দোকানীকে এক হাজার টাকা নোট দিলে দোকানী তাকে ৯০০ টাকা ফেরৎ দেন। পরে দোকানী নোটটি জাল জানতে পেরে তাকে খুঁজতে থাকেন।

এরপর বুধবার রাত ১০টার দিকে শাকিব তার সহযোগী অন্তরকে নিয়ে আবার ওই দোকানে গিয়ে চা-সিগারেট খেয়ে বিল পরিশোধের সময় এক হাজার টাকার জাল নোট দেন এবং ধরা পড়েন।  

পুলিশ কর্মকর্তা সঞ্জয় বলেন, “আটক দুই জনকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানায়, এক ব্যক্তির কাছ থেকে এসব জালনোট সংগ্রহ করেছে তারা। শাকিবের ঘরে আরও কিছু জাল নোট আছে।”

পরে তাদের দেওয়া তথ্যে পাহাড়তলী থানার বৌ বাজার এলাকায় শাকিবের বাসায় অভিযান চালিয়ে আরও ২১০টি এক হাজার টাকার এবং ১২২টি ৫০০ টাকার জাল নোট জব্দ করা হয়। জাল নোটগুলোর মধ্যে এক নম্বরে একাধিক নোট পাওয়া গেছে।

ওসি জানান, গ্রেপ্তার শাকিব নগরীর একটি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আর অন্তরের কোনো পেশা নেই। গত জুন মাসে কোরবানির ঈদের আগে জালনোটসহ হালিশহর থানা এলাকায় তিনি ধরা পড়েছিল। ওই ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা বিচারাধীন আছে।

বুধবারের ঘটনায় শাকিব ও অন্তরের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে পুলিশ আরেকটি মামলা করেছে বলে জানান ওসি।