চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ৫ মৃত্যু
চট্টগ্রাম থেকে কক্সবাজারে যাওয়ার পথে লোহাগাড়া উপজেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে এক সেডানের পাঁচ আরোহীর মৃত্যু হয়েছে।
সোমবার ভোরে উপজেলার আধুনগরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে হাইওয়ে পুলিশের দোহাজারি থানার ওসি সিরাজুল হক জানান।
নিহতরা হলেন- মো. হারুন (৩০), সাইফুল ইসলাম (২৫), খোরশেদ আলী সাদ্দাম (২০), মনসুর আলী (২২) ও রিজভী হাসান (২৫)। তারা সবাই চট্টগ্রামের বিভিন্ন এলাকার বাসিন্দা।
ওসি সিরাজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই পাঁচজন প্রাইভেট কার নিয়ে চট্টগ্রাম থেকে কক্সবাজারে যাচ্ছিলেন। গাড়ি চালাচ্ছিলেন রিজভী।
“ভোর সাড়ে ৫টার দিকে কক্সবাজারমুখী প্রাইভেটকারটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা ডাম্প ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে গাড়িটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই চারজন মারা যান।”
গুরুতর আহত অবস্থায় খোরশেদকে সকাল ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন বলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান।
