২ ঘণ্টা পর নিভল চট্টগ্রামের জহুর হকার্স মার্কেটের আগুন
প্রায় দুই ঘন্টার চেষ্টার পর চট্টগ্রামের পৌর জহুর হকার্স মার্কেটে রাতের বেলা লাগা আগুন নিভিয়েছে ফায়ার সার্ভিস।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে হকার্স মার্কেটের মাঝামাঝি এলাকায় মসজিদের পাশে একটি দোতলা মার্কেটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত বলে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান।
পরে আগ্রাবাদ, নন্দনকানন ও চন্দনপুরা ফায়ার সার্ভিসের নয়টি গাড়ি ১১টা ২০ নাগাদ আগুন পুরোপুরি নিভিয়েছে বলে জানান আগ্রাবাদ ফায়ার সর্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার।
কোতোয়ালী থানার ওসি মো. নেজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমরা জানতে পেরেছি দোতলা মার্কেটটির দোতলায় একটি বড় দোকানের বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে উপর নিচ মিলিয়ে ৪০ থেকে ৪৫টির মতো দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
নগরীর পরীর পাহাড় সংলগ্ন এলাকায় ছোট ছোট দোকান নিয়ে গড়ে ওঠা হকার্স মার্কেটে বিভিন্ন তৈরি পোশাক, টেইলরিং দোকান রয়েছে।
বড় এলাকাজুড়ে এ বিপণিকেন্দ্রে পাকা কিংবা আধাপাকা কাঠামোর ওপর দ্বিতল গুদাম ও ব্যবসা প্রতিষ্ঠানও রয়েছে। সেখানকার ব্যবসায়ী সমিতির হিসাব অনুযায়ী আটশ’র ওপর দোকান রয়েছে। ঘিঞ্জি এলাকার মধ্যে মার্কেটে যাওয়া-আসার পথও অনেকটাই অপ্রশস্ত।
ফায়ার সর্ভিসের সহকারী পরিচালক ফারুক বলেন, ছুটির দিন হওয়ায় দোকানগুলো বন্ধ ছিল। সেকারণে লোকজন ছিল না। আগুন লাগার খবর পাওয়ার পর নয়টি গাড়ি গিয়ে রাত ১১টা ২০ নাগাদ আগুন নেভাতে সমর্থ হয়।
আাগুনে ক্ষয়ক্ষতি ও কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানান তিনি।
এর আগে ২০১৯ সালের ১৯ অক্টোবর ভোর রাতে এ মার্কেটে বড় ধরনের অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে যায়। ঝুঁকিপূর্ণ স্থাপনা এবং অপ্রশস্ত সড়কের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে সে সময় ফায়ার সার্ভিস জানিয়েছিল।
