পিকআপ চাপায় ৬ ভাইয়ের মৃত্যু ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’: রানা দাশগুপ্ত
কক্সবাজারের চকরিয়ার মালুমঘাটে পিকআপ চাপায় ছয় ভাইয়ের মৃত্যুর ঘটনাকে সড়ক দুর্ঘটনা হিসেবে মানতে নারাজ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সংগঠনটি মনে করছে, ছয় ভাইকে ‘পরিকল্পিতভাবে হত্যা’ করা হয়েছে।
শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এমন মতামত তুলে ধরনে পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত।
তিনি চকরিয়ার সহোদর ছয় ভাইয়ের মৃত্যুর ঘটনার পেছনের কারণ বের করার জন্য তদন্তকারী সংস্থার প্রতি আহ্বানও জানান।
লিখিত বক্তব্যে রানা দাশগুপ্ত বলেন, ঘটনার পর রাতেই তাদের ভাই প্লাবন সুশীলের কথিত স্বাক্ষরে চকরিয়া থানায় একটি মামলা হয়।
“কিন্তু এত বড় ঘটনার পর প্লাবন তখন থেকে এখনও মানসিক বিকারগ্রস্ত অবস্থায় রয়েছেন। এজাহারে এ মৃত্যু দুর্ঘটনাজনিত বলা হলেও আদৌ তখন প্লাবনের পক্ষে তা বলা সম্ভব ছিল না।”
প্লাবনকে দিয়ে যে এজাহার দেওয়া হয়েছে তা বাস্তবতার সম্পূর্ণ বিপরীত মন্তব্য করে তিনি বলেন, “এজাহারে স্বাক্ষর নেওয়ার সময় তাদের তা পড়তে দেওয়া হয়নি বলে নিহতদের কাকা সন্তোষ সুশীল আমাদের জানিয়েছেন।”
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেও তা জানতে পেরেছেন বলে দাবি তার।
পরিষদের সাধারণ সম্পাদক বলেন, “নিহতদের প্রত্যক্ষদর্শী দুই বোন বলেছেন, ‘পিকআপটি একবার চাপা দেওয়ার পর আবার পেছনের দিকে যায়’, এটাও এজাহারে নেই। কেন ও কোন উদ্দেশ্যে, কাদের প্ররোচণায়, কাদের মামলা থেকে বাঁচাতে সড়ক পরিবহন আইনে মামলা করা হলো- তা মামলার তদন্তকারী কর্তৃপক্ষ পিবিআইকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করতে হবে।”
সংবাদ সম্মেলনে গত ৮ ফেব্রুয়ারির ঘটনার আগে ২৮ জানুয়ারি সুরেশ সুশীলের বাড়িতে হামলা হয়েছিল বলে অভিযোগ করা হয়। বলা হয়, তার বাড়ির আঙিনায় মন্দির নির্মাণকে কেন্দ্র করে ২৮ ফেব্রুয়ারি দুই দফায় স্থানীয় কিছু লোকজন ঘরে ঢুকে সুরেশ এবং তার ছেলে চম্পক ও প্লাবনকে মারধর করে। এই ঘটনার পর ৩০ জানুয়ারি সুরেশ মারা যান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গত ৮ ফেব্রুয়ারি গাড়ি চাপায় ছয় ভাইয়ের মৃত্যুর পর তাদের আত্মীয় উজ্জ্বল সুশীল একটি বেসরকারি টিভির ভিডিও সংবাদ ফেইসবুকে শেয়ার দেন। সংবাদটি ছিল, ‘এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড’ নিয়ে।
এরপর মোহাম্মদ শহিদুল ইসলাম নামের একটি ফেইসবুক অ্যাকাউন্ট থেকে অডিও ক্লিপ পাঠিয়ে উজ্জ্বলকে প্রচ্ছন্ন হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়।
রানা দাশগুপ্ত বলেন, “এসব ঘটনার সঙ্গে গাড়িচাপায় হত্যার ঘটনার যোগসূত্র রয়েছে বলে আমরা মনে করি। এটি দুর্ঘটনাজনিত নয়। অবস্থাদৃষ্টে মনে হয়, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তদন্তকারী সংস্থাকে এসব বিষয় বস্তুনিষ্ঠভাবে তদন্ত করার অনুরোধ করছি।”
কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাট হাসিনা পাড়া এলাকায় গত ৮ ফেব্রুয়ারি ভোরে বাবার পারলৌকিক কর্ম সম্পাদন শেষে বাড়িতে ফেরার পথে পিকআপের চাপায় প্রয়াত সুরেশের ছয় ছেলে নিহত হন। গুরুতর আহত তাদের এক বোন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। সাত ভাইয়ের মধ্যে বেঁচে থাকা প্লাবন মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় আছেন।
সংবাদ সম্মেলনে নিহতদের পিসতুতো (ফুফাত) ভাই অ্যাডভোকেট রঘু মনি উপস্থিত ছিলেন।
এছাড়া ঐক্য পরিষদ নেতা প্রকৌশলী পরিমল চৌধুরী, তাপস হোড় ও শ্যামল পালিত, ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, প্রদীপ চৌধুরী, অসীম দাশ, দারুব্রহ্মচারী জগন্নাথ দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
