চট্টগ্রামে বিনম্র শ্রদ্ধায় শহীদ স্মরণ
বিনম্র শ্রদ্ধায় শহীদ বেদীতে পুষ্পমাল্য দিয়ে ভাষা শহীদদের স্মরণ করছে চট্টগ্রামবাসী।
একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে চট্টগ্রামে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রাষ্ট্রীয় কার্যক্রম শুরু হয়।
সোমবার ভোর থেকে চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল মাঠের শহীদ মিনার প্রাঙ্গণ নানা বয়েসী মানুষের পদভারে মুখরিত হয়ে ওঠে। বিভিন্ন সংগঠন বা প্রতিষ্ঠানের ব্যানারে, কেউবা ব্যক্তিগতভাবে, সন্তানদের সাথে নিয়ে হাজির হয়েছিলেন শহীদ মিনারে।
একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রামের সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী। পরে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মো. মমিনুর রহমান, পুলিশ সুপার এস এম রশিদুল হক, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবীর, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমেদ পুষ্পস্তবক অর্পণ করেন।
চট্টগ্রাম মুসলিম হলের সামনে কেন্দ্রীয় শহীদ মিনারটি পুনঃনির্মাণের কাজ চলায় এবার বিকল্প হিসেবে মিউনিসিপ্যাল মডেল হাই স্কুলের মাঠের শহীদ মিনারে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাচ্ছেন।
সকালে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ, কমিউনিস্ট পার্টি, বাসদ, বাসদ (মার্কসবাদী), ওর্য়াকার্স পার্টি, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্রমৈত্রী, য়ুব ইউনিয়ন, যুবমৈত্রী, জাসদ, ন্যাপ, বোধন আবৃত্তি পরিষদ, উদীচী শিল্পী গোষ্ঠী চট্টগ্রাম জেলা সংসদ, খেলাঘর চট্টগ্রাম মহানগর, প্রমা আবৃত্তি সংসদসহ বিভিন্ন রাজনৈকি, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে।
চট্টগ্রামে ভারতের সহকারী হাই কমিশনার ডা. রাজীব রঞ্জনও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রামের বিভিন্ন সংগঠন দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করেছে। আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন প্রতিযোগিতা ও বর্ণমালা মিছিলের আয়োজন রয়েছে এর মধ্যে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম চত্বরে চলছে একুশের বইমেলা। একুশে ফেব্রুয়ারির সকাল থেকেই সেখানে বইপ্রেমীদের ভিড় দেখা গেছে।
