২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালি থেকে পার্সেলে এল ২ পিস্তল

বিদেশ থেকে আসা একটি পার্সেল থেকে দুইটি পিস্তল উদ্ধার করেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2022, 08:20 PM

Updated : 02 Aug 2022, 02:57 PM

রোববার গৃহস্থালি পণ্যের একটি চালান পরীক্ষা করে অস্ত্র ও গুলি উদ্ধারের কথা জানান চট্টগ্রাম কাস্টমস কমিশনার ফখরুল আলম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, ইতালি থেকে চট্টগ্রাম বন্দরে আসা একটি চালান পরীক্ষা করে চারটি পিস্তল ও ৬০ রাউন্ড কার্তুজ পাওয়া যায়। জব্দ করা ৮-এমএম পিস্তলগুলোর মধ্যে দুটি খেলনা ও দুটি আসল।

“ইতালির রোম থেকে রাজীব বড়ুয়া নামে এক ব্যক্তি চালানটি পাঠিয়েছেন। ঠিকানায় সেটির গন্তব্য লেখা ছিল আগ্রাবাদ সিজিএস কলোনির এফ ৭৪/৮ এ। প্রাপক ছিলেন মজুমদার কামরুল হাসান।”  

সাধারণত বিদেশ থেকে কোনো চালান বৈদেশিক ডাকের মাধ্যমে পাঠানো হয়। পরে কাস্টমস কর্তৃপক্ষের পরীক্ষার পর তা ডেলিভারি দেওয়া হয়।

চট্টগ্রাম কাস্টমসের উপ-কমিশনার সালাহউদ্দিন রিজভী  বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার চালানটির কায়িক পরীক্ষা করে পিস্তলগুলো পাওয়া গেছে।

“কার্টনের ভেতরে গৃহস্থালি বিভিন্ন পণ্যের ভাঁজে বিশেষ কায়দায় চারটি পিস্তল রাখা ছিল। আসল পিস্তল দুটির গায়ে ইতালির তৈরি উল্লেখ ছিল।”   

 “এছাড়া ওই কার্টনে ফ্রাইপেন, এলআইডি ফ্রাইপেন, ছুরি, ড্রিল মেশিনের বক্স, ইলেকট্রিক হ্যান্ড ব্লেন্ডার, মিনি ব্লেন্ডার, চকলেট, সাবান, ডিওডেরেন্ট ব্যাগসহ অন্যান্য পণ্য ছিল।”

 বন্দর থানার ওসি জাহেদুল কবীর বলেন, অস্ত্র উদ্ধারের বিষয়টি কাস্টমস কর্তৃপক্ষ পুলিশকে জানিয়েছেন। থানায় মামলার প্রস্তুতি চলছে।