২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বসন্তে ভালোবাসার বন্দনা বন্দর নগরীতে

বাঁশির সুরে আর তবলার লহড়িতে, গানে গানে ঋতুরাজ বসন্তের প্রথম দিনে ভালোবাসার আবাহন চলছে বন্দর নগরী চট্টগ্রামে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2022, 04:49 PM

Updated : 25 Oct 2022, 10:14 AM

নগরীর থিয়েটার ইন্সটিটিউট প্রাঙ্গণ এবং পাহাড়তলির শেখ রাসেল পার্কে সোমবার সকাল থেকে চলছে বসন্ত উৎসবের নানা আয়োজন।

‘নিবিড় অন্তরতর বসন্ত এলো প্রাণে’ স্লোগান নিয়ে থিয়েটার ইন্সটিটিউটের মুক্তমঞ্চে শুরু হয় বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের একাংশের বসন্ত উৎসব। 

Image
চট্টগ্রামে থিয়েটার ইন্সটিটিউটের মুক্তমঞ্চে বোধন আবৃত্তি পরিষদের একাংশের বসন্ত উৎসব

চট্টগ্রামে থিয়েটার ইন্সটিটিউটের মুক্তমঞ্চে বোধন আবৃত্তি পরিষদের একাংশের বসন্ত উৎসব

আনন্দী সংগীত নিকেতনের ২৫ সদস্যের তবলার লহড়িতে শুরু হয় উৎসবের আয়োজন। তারপর একে একে সংগীত ভবনের শিল্পীদের গান এবং একক আবৃত্তি পরিবেশন করেন শিল্পী পারভেজ চৌধুরী।

শিশু-কিশোরদের পাশাপাশি নানা বয়সী মানুষ মুক্তমঞ্চে সমবেত হন। বসন্তের গানে গলা মেলান তালা। খোঁপায় ফুল আর বাসন্তী পোশাকে সেজেছিলেন সবাই। শিশুদের জন্য অন্যতম আকর্ষণ ছিল উৎসব প্রাঙ্গণে রাখা বায়োস্কোপ।

Image
পাহাড়তলির শেখ রাসেল পার্কে বোধনের অন্য অংশের আয়োজন

পাহাড়তলির শেখ রাসেল পার্কে বোধনের অন্য অংশের আয়োজন

চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার রাজীব রঞ্জন এ আয়োজনের উদ্বোধন করেন। অন্যদের মধ্যে অধ্যাপক ড. কুন্তল বড়ুয়া, বোধনের প্রতিষ্ঠাকালীন সদস্য প্রশান্ত চক্রবর্তী, বোধন সভাপতি আবদুল হালিম দোভাষ, সহ-সভাপতি নারায়ণ প্রসাদ বিশ্বাস, শিমুল নন্দী ও সাধারণ সম্পাদক প্রণব চৌধুরী বক্তব্য দেন।

নগরীর পাহাড়তলি আমবাগান শেখ রাসেল পার্কে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের অন্য অংশের আয়োজন শুরু হয় একুশে পদকপ্রাপ্ত শিল্পী ওস্তাদ আজিজুল ইসলামের বাঁশির সুরে।

Image
বায়োস্কোপে মগ্ন এক শিশু

বায়োস্কোপে মগ্ন এক শিশু

এরপর দলগত আবৃত্তি, গান এবং দীপক দাশ ও তার দলের ঢোল বাদনে মেতে ওঠেন বসন্ত আবাহনে সমবেতরা। 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক বেণু কুমার দে, চট্টগ্রামে ভারতীয় দূতাবাসের কর্মকর্তা জি এস যোশী, পেশাজীবী নেতা ডা. একিউএম সিরাজুল ইসলাম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বোধন সোহেল আনোয়ার।

Image
আয়োজনের অন্যতম আকর্ষণ বায়োস্কোপ

আয়োজনের অন্যতম আকর্ষণ বায়োস্কোপ

‘বসন্ত বাতাসে সই গো’, ‘ওরে গৃহবাসী দ্বার খোল, দ্বার খোল’, ‘ফাগুন হাওয়ায় হাওয়ায়’ গানের সাথে নাচে আর আবিরের রঙে বসন্ত উৎসব জমে ওঠে শেখ রাসেল পার্কে।

চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে বিকেলে আছে প্রমা আবৃত্তি সংগঠনের বসন্ত উৎসবের আয়োজন।