২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৯ বছরেও ফারুক হত্যার বিচার না হওয়ায় ক্ষোভ

চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা ফারুক মাহমুদ সিদ্দিকী হত্যা মামলার বিচার ১৯ বছরেও না হওয়ায় ক্ষোভ জানিয়েছে ‘মুক্তিযুদ্ধের প্রজন্ম- বৃহত্তর চট্টগ্রাম’ নামের একটি সংগঠন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2022, 12:14 AM

Updated : 02 Aug 2022, 02:53 PM

বুধবার বিকালে সংগঠনের সভাপতি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে নগরীর দোস্তবিল্ডিংস্থ কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণসভা থেকে এই ক্ষোভ জানানো হয়। এতে ফারুকের পরিবারের সদস্যরাও ছিলেন।

২০০৩ সালের ১২ ফেব্রুয়ারি কোরবানির ঈদের রাতে হাটহাজারী উপজেলার বুড়িশ্চর এলাকার জিয়াউল উলুম মাদ্রাসা কমিটির বৈঠক চলাকালে গুলি চালিয়ে হত্যা করা হয় উত্তর জেলা আওয়ামী লীগের তখনকার দপ্তর সম্পাদক ফারুক সিদ্দিকী ও সদস্য সোলায়মান খানকে।

ওই ঘটনায় নিহত ফারুক সিদ্দিকীর মা সায়রা খাতুন বাদী হয়ে হত্যা মামলা করেছিলেন। সে মামলা এখনও বিচারাধীন।

স্মরণসভায় নূরে আলম সিদ্দিকী বলেন, “স্বৈরাচার ও সাম্প্রদায়িকতাবিরোধী গনতান্ত্রিক আন্দোলনে চট্টগ্রামের রাজপথের অগ্রসেনানী ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা ফারুক মাহমুদ সিদ্দিকী জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শিক রাজনীতিকে ধারণ করে ন্যায়ের পথে সন্ত্রাসী চাঁদাবাজদের বিরুদ্ধে আমৃত্যু লড়াই করে গেছেন।

“তাকে হত‍্যার মধ‍্যদিয়ে চিহ্নিত সন্ত্রাসীরা এলাকায় আধিপত্য বিস্তার করতে চেয়েছিল। আজও সেই হত্যার বিচার হলো না!”

সভায় চট্টগ্রাম মহানগর সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরী বাবুল বলেন, “ফারুক সিদ্দিকীদের মতো ত‍্যাগী নেতাদের রক্তে দল দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতায় থাকলেও ১৯ বছরেও এই হত‍্যাকাণ্ডের বিচার না হওয়া চরম দুর্ভাগ্যজনক।”

নিহত ফারুক মাহমুদ সিদ্দিকীর স্ত্রীর ভাই আওয়ামী লীগ নেতা বেদারুল আলম চৌধুরী বেদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হত্যাকাণ্ডের পর সেসময়ের বিরোধী দলীয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলের নেতৃবৃন্দের মধ্যে মতিয়া চৌধুরী, সাবের হোসেন চৌধুরী, ওবায়দুল কাদের ও হাছান মাহমুদসহ অনেকেই এসেছিলেন।

“পিতৃহারা হবার দিন আমার ভাগ্নের বয়স ছিল মাত্র ১১ দিন। শিশু পুত্রটির দায়িত্ব নেয়ার প্রতিশ্রুতিও নেতৃবৃন্দ দিয়েছিলেন। অথচ দল ক্ষমতায় থাকা অবস্থায়ও মামলার বিচার শেষ হয়নি।”

ফারুক সিদ্দিকীর দুই মেয়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এবং একমাত্র ছেলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী জানিয়ে বেদারুল বলেন, “ছেলের শোকে মামলার বাদী ফারুক সিদ্দিকীর মা তিন বছরের মাথায় মারা যান। আজ পর্যন্ত পরিবারটি কোনো রাষ্ট্রীয় আনুকূল্য পায়নি।”

সায়রা খাতুন শিবিরের নেতা গিয়াস হাজারিকা, গিট্টু নাছির, হাবিব খান, ফয়েজ মুন্না, আইয়ুব আলী রাশেদসহ কয়েকজনকে আসামি করে হাটহাজারী থানায় মামলা করেছিলেন। ওই মামলার আসামি হাবিব খান পলাতক। অন্যদের মধ্যে গিয়াস হাজারিকা, গিট্টু নাছির ও ফয়েজ মুন্না কথিত বন্দুকযুদ্ধে এবং আইয়ুব আলী রাশেদ গণপিটুনিতে মারা যান।

ফারুক সিদ্দিকীর পরিবারের এক সদস্য জানান, ওই ঘটনার সময় অস্ত্র নিয়ে গুলিবর্ষণকারী এক আসামি বর্তমানে এলাকায় অবস্থান করে সাক্ষীদের ভয়ভীতি দেখাচ্ছে।

বুধবারের স্মরণ সভায় চট্টগ্রাম মহানগর জাসদের সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, নারীনেত্রী সাইফুন নাহার খুশী, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আবদুল মালেক খাঁন, নাসির উদ্দিন রিয়াজ, আইনজীবী মিলাদুল আমীন, আকতার হোসেন চৌধুরী, সোহেল ইকবাল বক্তব্য রাখেন।