২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের পরিচ্ছন্নতা কার্যক্রমের পাক্ষিক মূল্যায়ন চান মেয়র

চট্টগ্রাম নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে প্রতি পাক্ষিকে মূল্যায়ন প্রতিবেদন দাখিল করতে সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন মেয়র এম রেজাউল করিম চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2022, 12:12 AM

Updated : 02 Aug 2022, 02:50 PM

বৃহস্পতিবার আন্দরকিল্লায় পুরাতন নগর ভবনে কেবি আবদুচ সাত্তার মিলনায়তনে বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিধন কার্যক্রম পর্যালোচনা ও পরিকল্পনা বিষয়ক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

সভায় মেয়র বলেন, সিটি করপোরেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান। রাস্তা সংস্কার, পরিষ্কার পরিচ্ছন্নতা ও আলোকায়ন সিটি করপোরেশনের মূল কাজ।

“নগরবাসীর করের টাকায় এই প্রতিষ্ঠানটি পরিচালিত হয়। নগরবাসীর কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে না পারলে সবকিছু ব্যর্থতায় পর্যবসিত হবে। আগামীতে চট্টগ্রাম নগরীকে বাংলাদেশের একটি মডেল নগরী হিসেবে পরিণত করতে চাই।”

পরিচ্ছন্নতা বিভাগের কর্মকাণ্ড গতিশীল করতে নগরীর ৪১টি ওয়ার্ডকে ছয়টি জোনে ভাগ করা হয়েছে জানিয়ে মেয়র রেজাউল বলেন, প্রতিটি জোনে একজন পরিচ্ছন্নতা কর্মকর্তা সার্বিক তত্ত্বাবধানে থাকবেন। তার অধীনে তত্ত্ববধায়ক, পরিদর্শক, সুপারভাইজার কাজ করবেন। জোনওয়ারী সার্বিক তদারকী জন্য ছয় জন উচ্চপদস্থ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

“দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম জোনওয়ারি প্রতি পাক্ষিকে মূল্যায়নপূর্বক প্রতিবেদন দাখিল করবেন। আশা করি, এ পরিকল্পনা অনুযায়ী বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালিত হলে আগামী দুই মাসের মধ্যে নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে।”

এ কাজে কোনো রকম ‘অবহেলা, গাফিলতি ও অনিয়ম’ হলে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে শাস্তির আওতায় এনে চাকরিচ্যুতসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেন মেয়র রেজাউল।

সিটি করপোরেশনের ‘সুনাম ও খ্যাতি’ পরিচ্ছন্নতা বিভাগের কর্মকান্ডের উপর নির্ভর করে মন্তব্য করে তিনি বলেন, “নালা-নর্দমার পানি চলাচল সচল রাখা, নিয়মিত আবর্জনা অপসারণ, সড়কসমূহ পরিচ্ছন্ন রাখা সর্বোপরি পরিবেশবান্ধব স্বাস্থ্যসম্মত নগরী পরিচ্ছন্নতা বিভাগের কার্যক্রমের উপর নির্ভরশীল।

“কাজের সুবিধার্থে জনবল, যন্ত্রপাতি যাবতীয় সহায়ক উপকরণ নিশ্চিত করার পরও কাঙ্ক্ষিত সুফল নগরবাসী উপভোগ করতে না পারা খুবই দুঃখজনক।”

মেয়র নগরবাসীর পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান, দোকান মালিকদের দিনের বেলায় রাস্তায় বা উন্মুক্ত স্থানে কোনো ধরনের ময়লা আবর্জনা না ফেলে বর্জ্য সংগ্রহকারীদের কাছে দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, “এর ব্যত্যয় হলে, সিসিসির ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা ২০২১ এর আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মশক নিধন কার্যক্রম জোরদার করতে আলাদা টিম গঠন এবং তাদের নির্দিষ্ট ইউনিফর্ম দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও সভায় ঘোষণা দেন মেয়র রেজাউল।

মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেমের সঞ্চালনায় এ সভায় সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, বর্জ্য স্ট্যান্ডিং কমিটির সভাপতি মো. মোবারক আলী, কাউন্সিলর কাজী নুরুল আমিন, সচিব খালেদ মাহমুদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক, নির্বাহী প্রকৌশলী রেজাউল বারী, আশিকুল ইসলাম, বিপ্লব কুমার দাশ, মীর্জা ফজলুল কাদের, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী বক্তব্য দেন।