বাকলিয়ায় বাসায় বিস্ফোরণে কলেজ পড়ুয়া দুই বোন দগ্ধ
চট্টগ্রামের বাকলিয়া এলাকায় একটি বাসায় বিস্ফোরণে কলেজ পড়ুয়া দুই বোন দগ্ধ হয়েছে।
বৃহস্পতিবার রাহাত্তার পুল বিসমিল্লাহ টাওয়ার নামে সাততলা একটি ভবনের পঞ্চম তলায় এ বিস্ফোরণ ঘটে বলে পুলিশ ও ফায়ার সার্ভিসের তরফে জানানো হয়েছে।
আহতরা হলেন- সাবরিনা খালেদ (২২) ও সামিরা খালেদ (১৮)। তারা চট্টগ্রামের হাজী মুহাম্মদ মহসিন কলেজের ইংরেজি বিভাগ ও এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তাদের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায়।
পুলিশ ও ফায়ার সার্ভিসের ধারণা, ‘ঘরে জমে থাকা গ্যাস’ থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে।
বাকলিয়া থানার ওসি রাশেদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সোয়া ১১টার দিকে এ বিষ্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তারা চিকিৎসাধীন আছে।
দগ্ধ দুই বোনের শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে গেছে বলে চমেক হাসপাতালের চিকিৎসকের বরাত দিয়ে ওসি জানান।
ওসি রাশেদুল বলেন, “প্রতিবেশী ও স্বজনদের সাথে কথা বলে জানা গেছে দুই বোন এ বাসায় থেকে পড়াশোনা করতেন। তাদের বাবা প্রবাসী এবং মা গ্রামের বাড়ি ও শহরের বাসায় যাওয়া আসা করে থাকতেন।”
ফায়ার সার্ভিস চন্দনপুরা স্টেশনের কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, “বিস্ফোরণে ওই বাসার দরজা জানালা ভেঙে গেছে। কিছু আসবাবপত্র পুড়ে গেছে। আর ওই বাসার সামনের ইউনিটেরও দরজা, জানালা ভেঙে গেছে।
“প্রাথমিক ভাবে মনে হচ্ছে ‘ঘরে জমে থাকা গ্যাস’ থেকে এ বিষ্ফোরণ ঘটেছে। অন্য কোনো বিস্ফোরক থেকে বিস্ফোরণ ঘটলে ঘরের ছাদসহ বিভিন্ন স্থানে ক্ষতি হতো। কিন্তু এখানে তা হয়নি।”
ফায়ার সার্ভিস কর্মকর্তা শহীদুল বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে রাতে চুলা নেভানো হলেও সুইচ বন্ধ করা হয়নি। দরজা জানালা বন্ধ থাকায় গ্যাস রুমের মধ্যে জমে ছিল। সকালে চুলা জ্বালাতে গিয়ে এ বিস্ফোরণ ঘটেছে।”
