চট্টগ্রামে একদিনে ৫৪৯ জন কোভিড রোগী শনাক্ত
চট্টগ্রামে গত এক দিনে ৫৪৯ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে নগরীতে একজন মারা গেছেন।
বুধবার জেলা সিভিল সার্জনের তথ্য অনুযায়ী, আগের ২৪ ঘণ্টায় দুই হাজার ৫৭৫ জনের নমুনা পরীক্ষায় ৫৪৯ জনের কোভিডে সংক্রমিত হওয়ার তথ্য মেলে। শনাক্তের হার ২১ দশমিক ৩২ শতাংশ।
এর আগে গত ২৬ জানুয়ারির প্রতিবেদন অনুসারে জেলায় করোনভাইরাস শনাক্তের হার ছিল ৩৪ দশমিক ১২ শতাংশ। এরপর থেকে ধীরে ধীরে শনাক্তের হার কমতে শুরু করেছে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শনাক্তের হার ২১ থেকে ২৫ শতাংশের মধ্যে উঠানামা করছে। এটা দেখে এখনই বলা যাবে না যে, সংক্রমণ কমছে।
“করোনাভাইরাস সংক্রমণের ধরনই এমন, এটা বাড়তে বাড়তে একটা পর্যায়ে গিয়ে কিছুটা স্থিতিশীল থাকে। এরপর আবার বাড়তেও পারে অথবা কমতেও পারে। সেটা বলার সময় এখনও আসেনি। স্বাস্থ্যবিধি না মানলে আবারও বাড়তে পারে সংক্রমণ।”
চলতি সপ্তাহের গত রোববারের প্রতিবেদনে এক হাজার ১১৫ জনের করোনাভাইরাস শনাক্তের খবর আসে। শনাক্তের হার ছিল ২৭ দশমিক ৪১ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় কোভিড ১৯ আক্রান্ত কেউ মারা যায়নি।
গত সোমবার আগের ২৪ ঘণ্টায় ৫৮৭ জন আক্রান্ত হন; শনাক্তের হার ছিল ২১ দশমিক ২২ শতাংশ এবং মৃত্যু হয়েছিল এক জনের।
পরদিন মঙ্গলবার ৭২৯ জনের করোনভাইরাস শনাক্ত হয়। সেদিন শনাক্তের হার ছিল ২৪ দশমিক ৩৮ শতাংশ। আগের ২৪ ঘণ্টায় তিন জনের মৃত্যু হয়।
এখন পর্যন্ত চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক হাজার ৩৫৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে নগরীর ৭৩৪ জন এবং উপজেলাগুলোর বাসিন্দা ৬২৫ জন।
আর শুরু থেকে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা এক লাখ ২০ হাজার ৯৯২ জন। এরমধ্যে নগরীর বাসিন্দা ৮৮ হাজার ১৮৩ জন।
